ধোনির দায় স্বীকার!
দীর্ঘদিন ধরে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটার দখল ধরে রাখার পর ইংল্যান্ড সফরে এসে সেটা হারাতে হলো ভারতকে। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিনটি টেস্টই লজ্জাজনকভাবে হেরে গেছে বিশ্বকাপজয়ীরা। তাদের সামনে এখন সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কা। অনেক সমর্থকই সন্দিহান যে ধোনি বাহিনী আদৌ সেই লজ্জা এড়াতে পারবে কি না! টেন্ডুলকার, শেবাগ, দ্রাবিড়, লক্ষণদের নিয়ে গড়া ভারতের শক্তিশালী ব্যাটিং ইউনিট তিন টেস্টের কোনো ইনিংসই অতিক্রম করতে পারেনি ৩০০ রানের কোটা। আর গতকাল শেষ হওয়া এজবাস্টন টেস্টে ২৯৪ রানের চমৎকার এক ইনিংস খেলে ভারতের বোলিং দৈন্যতা তো চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিয়েছেন ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক। গতকাল ম্যাচ শেষে তাই নিজেদের ব্যর্থতার পক্ষে সাফাই গাওয়ার কোনো চেষ্টাই করেননি ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। খোলাখুলিই স্বীকার করে নিয়েছেন নিজেদের ব্যর্থতা। গতকাল তিনি সাংবাদিকদের বলেছেন, ‘ক্রিকেট খুবই সহজ-সরল একটা খেলা। টেস্টে জিততে হলে আপনাকে অবশ্যই দুই ইনিংসে ২০টি উইকেট নিতে হবে। রানও করতে হবে প্রতিপক্ষের চেয়ে বেশি। কিন্তু আমরা শক্তিশালী ব্যাটিং ইউনিট হিসেবে খেলতে পারিনি।’ বোলিংয়ের ক্ষেত্রে জহির খানের অনুপস্থিতি কিছুটা ভুগিয়েছে বলে মন্তব্য করেছেন ধোনি। বলেছেন, ‘প্রথম দুইটা টেস্টে শুধু তিনজন বোলার নিয়ে খেলতে খুবই কষ্ট হয়েছে। সিরিজটা আমাদের অনুকূলে আসেনি কখনো। বেশির ভাগ সেশনেই ইংল্যান্ড আধিপত্য করেছে। এখন পর্যন্ত আমরা পুরোপুরিই বিপর্যস্ত হয়েছি।’ রয়টার্স।