ধোনির পক্ষে কপিল, বিপক্ষে আজহারউদ্দিন
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের কড়া সমালোচনা চলছে। দাবি উঠেছে, ধোনিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হোক। তবে ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব মনে করেন, ধোনির টেস্ট নেতৃত্ব নিয়ে বিতর্ক হতে পারে, সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে ধোনিই সেরা।‘টেস্টে ধোনির নেতৃত্ব নিয়ে যা খুশি বলতে পারেন। তবে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ধোনির চেয়ে ভালো অধিনায়ক নেই। ও গত বছর ভারতকে বিশ্বকাপ জিতিয়েছে। এর পর খারাপ সময় এসেছে বলে ওকে সরিয়ে দেওয়া ঠিক হবে না। অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে এখন পর্যন্ত আমার কাছে ধোনিই সেরা’—আজ সোমবার বলেছেন কপিল দেব।সৌরভ গাঙ্গুলীসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের জন্য আলাদা অধিনায়ক রাখার পক্ষে মত দিয়েছেন। একই মত দিয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিনও। তবে ধোনিকে কোনো ধরনের ফরম্যাটেই নেতৃত্বে রাখার পক্ষে নন সাবেক এই অধিনায়ক।ভারত-পাকিস্তান সিরিজকে সামনে রেখে একটি টেলিভিশন চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে আজহারউদ্দিন বলেন, ‘অধিনায়কত্ব পাওয়ার পরই ধোনির পারফরম্যান্সে অবনতি হয়েছে। বোর্ড ও নির্বাচকদের উচিত দ্রুত ওকে সরিয়ে দেওয়া। আমি সব সময় বিশ্বাস করি, ভিন্ন ফরম্যাটের জন্য ভিন্ন অধিনায়ক রাখা যেতে পারে।’ধোনির নেতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে দুই সপ্তাহ আগে ‘বোমা’ ফাটিয়েছিলেন সাবেক নির্বাচক মহিন্দার অমরনাথ। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অন্যতম এই সদস্য দাবি করেন, বিদেশের মাটিতে ভারতীয় দল টানা আটটি টেস্টে হেরে যাওয়ার পর তিনিসহ পাঁচ নির্বাচকের সবাই ধোনিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে একমত হয়েছিলেন। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের হস্তক্ষেপের কারণে অধিনায়কত্ব থেকে সরানো যায়নি ধোনিকে। সূত্র: পিটিআই।