ধোনির পাশে আকরাম-গাভাস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনসিংটনের ওভালের বাউন্সি উইকেটে দুই ম্যাচেই অবিশ্বাস্যভাবে মাত্র দুজন পেসার নিয়ে খেলা। মূল সমস্যা বোলিংয়ে অথচ একাদশে ব্যাটসম্যান ৭-৮ জন, টানা ছয় ছক্কার শিকার হওয়ার পরও রবীন্দ্র জাদেজাকে খেলানো—টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ে দায়ী করা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির গোঁয়ার্তুমিকে। ধোনির অধিনায়কত্ব কেড়ে নেওয়ার দাবিও উঠে গেছে। তবে এই দলে নেই ভারত ও পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক সুনীল গাভাস্কার ও ওয়াসিম আকরাম। এ মাসের শেষে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে সিনিয়রদের বিশ্রাম দিয়ে অধিনায়ক করা হয়েছে সুরেশ রায়নাকে। বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমের খবর, জুনে এশিয়া কাপের পরই ধোনির বদলে ভারতের অধিনায়ক করা হতে পারে গৌতম গম্ভীর কিংবা বীরেন্দর শেবাগকে। তবে গাভাস্কারের মতে নেতৃত্বের জন্য ধোনি এখনো সেরা পছন্দ, ‘ধোনি চেষ্টার সর্বোচ্চটা করেছে। দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ওই এখনো সেরা। শুধু শুরুর মতো ভাগ্যের সহায়তাটা ও পাচ্ছে না।’ পাকিস্তানের চেয়ে ভারতীয় ক্রিকেট নিয়ে ইদানীং যিনি বেশি সরব, সেই আকরামেরও একই মত, ‘অধিনায়কত্বে পরিবর্তন আনাটা ভালো পরিকল্পনা নয়। বিসিসিআই যদি সত্যিই এটা করলে তা হবে অযৌক্তিক।’ভারতজুড়ে আলোচনার ঝড় তুলেছে দলের ফিটনেস নিয়ে কোচ গ্যারি কারস্টেনের মন্তব্যও। ধোনির ব্যাপারে একমত হলেও কারস্টেনের ব্যাপারে দুজনেই ভিন্ন মত। গাভাস্কার মনে করেন, কারস্টেনের এভাবে প্রকাশ্যে বলা উচিত হয়নি, ‘আমি জানার অপেক্ষায় আছি যে, এটা আনুষ্ঠানিক মন্তব্য নাকি স্রেফ অনুমান থেকে বলা। আমার ধারণা ছিল, কারস্টেন প্রকাশ্যে কিছু না বলার মতো যথেষ্ট বুদ্ধিমান। মতামতগুলো সে ই-মেইলে বিসিসিআইকে জানালেও পারত।’ আকরাম অবশ্য সমর্থনই জানিয়েছেন কারস্টেনকে ‘গ্যারি বুদ্ধিমান লোক, এমনিতে প্রকাশ্যে খুব একটা কথা বলে না। সে যখন ফিটনেস সমস্যার কথা বলছে, ক্রিকেটারদের উচিত গ্যারির কথাকে সিরিয়াসলি নেওয়া, কারণ এটা একটা বড় ইস্যু।’ধোনিকে নিয়ে বিতর্কের আড়ালে অনেকটাই চাপা পড়ে গেছে ভারতের ব্যর্থতার আরেকটি কারণ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এবারও শর্ট বলে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এই সমস্যা সমাধানেরও একটা পথ বাতলে দিয়েছেন গাভাস্কার, ‘শর্ট বলে যাদের সমস্যা হয় তাদের ক্রিকেট একাডেমিতে পাঠানো উচিত, যেখানে ওরা শর্ট বল খেলা অনুশীলন করতে পারে। এটা হতে পারে বোলিং মেশিনের মাধ্যমে, আবার হতে পারে তরুণ বোলারদের দিয়ে ১৬-১৮ গজ দূর থেকে বোলিং করিয়ে।’ ওয়েবসাইট।