ধোনির পাশে ওঁরা তিন
দুঃসময়ে বিশাল তিনটি ছাতার আশ্রয় পেলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক অনেকটাই খলনায়কে পরিণত হয়েছেন বিদেশের মাটিতে টানা দুটো সিরিজে ধবলধোলাই হয়ে। টেস্ট অধিনায়কত্বে পরিবর্তনের গুঞ্জন প্রতিদিনই ডালপালা মেলছে। ধোনি নিজেও বলেছেন, পরিবর্তন এলে মেনে নেবেন হাসিমুখেই। তবে ভারত-পাকিস্তানের তিন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার, ওয়াসিম আকরাম ও মোহাম্মদ আজহারউদ্দিনের ধারণা, টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য ধোনিই এখনো যোগ্যতম ব্যক্তি।আকরাম ধারাভাষ্য দিয়েছেন সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। ধোনির অধিনায়কত্বের প্রবল সমালোচনা শোনা গেছে তাঁর কণ্ঠে। ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি এনডিটিভিতে বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন গাভাস্কার। তিনিও অধিনায়কের প্রবল সমালোচক। কিন্তু পরিবর্তনের পক্ষে নন আবার কেউই। গাভাস্কার এনডিটিভিতে বলেছেন, ‘আমার দৃষ্টিতে ধোনিই অধিনায়কত্বের জন্য যোগ্যতম লোক। দু-একজন প্রার্থী অবশ্য আছে। তবে বিসিসিআইয়ের উচিত আরও অন্তত দুই মৌসুম অপেক্ষা করা। কারণ, মাহি (ধোনি) নিজেই বলেছে ২০১৩ সালের শেষে টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে পারে। এই সময়টায় সম্ভাব্য উত্তরসূরিদের সম্পর্কে ভালো একটা ধারণাও পাওয়া যেতে পারে।’গাভাস্কার তবু দু-একজন বিকল্পের কথা বলছেন, আকরামের ধারণা, এখনো ধোনির বিকল্পই নেই, ‘ধোনির পরিবর্ত হিসেবে দুজনের নাম শোনা যাচ্ছে—শেবাগ ও কোহলি। আমার মতে, দুজনের কেউ নেতৃত্বের যোগ্য নয়। অ্যাডিলেড টেস্টে শেবাগের অধিনায়কত্ব ছিল দৃষ্টিকটু। অ্যাডিলেডে শেবাগের কাছ থেকে আরও ভালো শরীরী ভাষা প্রত্যাশা করেছিলাম, কিন্তু হতাশ হতে হয়েছে। আর কোহলি তো এখনো বাচ্চা ছেলে, আরও বছর পাঁচেক অপেক্ষা করতে পারে। দুটো সিরিজ খারাপ করেছে মানে এই নয়, ধোনিকে ঘাড় ধরে বিদায় করে দিতে হবে। বিকল্প কোথায়?’বেশ কিছুদিন ধরেই ‘ভারত বিশেষজ্ঞ’ হয়ে ওঠা সাবেক পাকিস্তান অধিনায়ক ভারতের দুর্দশার দায় দিয়েছেন বোর্ডকে, ‘ধোনির অধিনায়কত্ব নিয়ে শোরগোলটা খুব বাজে সময়ে হচ্ছে। ভারতীয় উপমহাদেশে ক্রিকেট পণ্ডিতদের অবসর কাটানোর প্রিয় মাধ্যম হচ্ছে অধিনায়ককে তুলাধোনা করা। সংবাদমাধ্যমও কাজটা খুব উপভোগ করে। আমার মতে, ধোনিই ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে যোগ্য এবং নিকট ভবিষ্যতেও তা-ই থাকবে। বিদেশের মাটিতে ভারতের সাম্প্রতিক দুর্দশার কারণ বিসিসিআইয়ের দুর্বল পরিকল্পনা। ধোনিকে বলির পাঁঠা বানানো অন্যায় হবে।’গাভাস্কার-আকরামেরই প্রতিধ্বনি আজহারের কণ্ঠে। তবে ভারতকে ৪৭ টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়ককে মনে হলো একটু বেশিই উদার, ‘ধোনি খুব ভালো ক্রিকেটার এবং অবশ্যই অধিনায়কত্বের জন্য যোগ্য। ক্রিকেট খেলাটা অনিশ্চয়তায় ভরা। জয়-পরাজয়ও খেলার অংশ। সামনের দিনগুলোতে ভারতের পারফরম্যান্স অবশ্যই ভালো হবে।’ ওয়েবসাইট।