ধোনির বদলে রাইডু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এক ম্যাচ খেলেই ত্রিদেশীয় সিরিজ শেষ হয়ে গেছে মহেন্দ্র সিং ধোনির। ভারতীয় অধিনায়কের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান আম্বাতি রাইডু। ধোনির অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি ২৭ বছর বয়সী রাইডুর। সেই মাহেন্দ্রক্ষণটা এসে যেতে পারে এবার। দলে জায়গা পাওয়ার অভিজ্ঞতা অবশ্য তাঁর নতুন নয়। গত ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন রাইডু। সেবার সুযোগটা এসেছিল মনোজ তিওয়ারি ইনজুরিতে পড়ার সুবাদে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০ সদস্যের প্রাথমিক দলেও ছিলেন তিনি, তবে চূড়ান্ত দলে ঠাঁই পাননি।অপ্রত্যাশিতভাবে ত্রিদেশীয় সিরিজে ডাক পেলেন; স্বাভাবিকভাবেই খুশি রাইডু। তবে ডাকটা ধোনির ইনজুরির সুবাদে পেয়েছেন বলে কষ্টও তাঁর, ‘এটা (দলে ডাক পাওয়া) আমার কাছে বিস্ময় হয়ে এসেছে। জাতীয় দলের হয়ে কিছু করার অপেক্ষায় আছি। তবে এটা দুঃখজনক যে, ধোনি ইনজুরিতে পড়েছেন। দলের ডাক পাওয়ার প্রেক্ষাপট হিসেবে এটা অবশ্যই ভালো কিছু নয়।’