ধোনির ব্যাটে ৩০০ পেরোল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি

আরও একবার ভারতের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১৫৪ রানেই ছয় উইকেট হারিয়ে ভারত যখন ধুঁকছিল, তখন পর্যন্ত দুর্ভেদ্য দেয়াল রপড দাঁড়িয়ে গেছেন ভারতীয় অধিনায়ক। খেলেছেন ১২১ বলে ১৩৯ রানের হার না-মানা ইনিংস। মোহালিতে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নতুন রেকর্ড। ধোনির এই লড়াকু ব্যাটিংয়ে ভর করে ভারতও পেয়েছে ৩০৩ রানের বড় সংগ্রহ।

দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি ভাগ্যেরও কিছুটা সহায়তা পেয়েছেন ধোনি। ৪৯তম ওভারের প্রথম বলেই তাঁর দেওয়া সহজ একটি ক্যাচ তালুবন্দী করতে পারেননি জর্জ বেইলি। অধিনায়কের এই ভুলের খেসারত বেশ ভালোমতোই দিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। বেইলি এই ক্যাচটা মিস করার পর শেষ ১১ বলে ধোনির ব্যাট থেকে এসেছে ৩২ রান।

একসময় মনে হচ্ছিল, ভারত বুঝি ২২০-২৩০ করতেই অলআউট হয়ে যাবে। সেই ভারতই শেষ পর্যন্ত পেরিয়ে গেল ৩০০ রান।

গত ম্যাচে মাত্র ১ উইকেট হারিয়েই ৩৬০ রানের দুরূহ লক্ষ্য পেরোতে পারলেও আজ একেবারেই অসফল ছিল ভারতের টপ অর্ডার। মিচেল জনসনের ভালো বোলিংয়ে শুরুতেই ধাক্কা খায় ভারত। মাত্র ৭৪ রানেই সাজঘরে ফিরেছিলেন শুরুর চার ব্যাটসম্যান শিখর ধাওয়ান, রোহিত শর্মা, সুরেশ রায়না ও যুবরাজ সিং। এর দুটো উইকেটই নেন জনসন।

পঞ্চম উইকেটে বিরাট কোহলি আর ধোনির ৭২ রানের জুটিটার সুবাদেই আবার কিছুটা লড়াইয়ে ফেরে ভারত। তবে ১৫৪ রানের মধ্যে কোহলি ও রবীন্দ্র জাদেজা সাজঘরে ফিরলে আবারও চাপের মুখে পড়ে যায় স্বাগতিকেরা। সে সময় হয়তো ২৫০ রানই বেশি মনে হয়েছিল ভারতের জন্য। কিন্তু সমীকরণটা পাল্টে দিল ধোনির প্রায় একক লড়াই।

সপ্তম উইকেটে ধোনি ও অশ্বিনের ৭৬ রানের ঝোড়ো জুটিটায় ধোনির অবদানই ছিল ৪০ রান। শেষ তিন ওভারেই ভারতের স্কোরবোর্ডে যোগ হয়েছে ৪৭, যার মধ্যে ধোনির ব্যাট থেকেই এসেছে ৪৫ রান। বাকি দুই রান এসেছে অতিরিক্ত থেকে।