ধোনির ভরসা আইপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলের ভেলায় বিশ্ব আসরের বৈতরণি পার হতে চান মহেন্দ্র সিং ধোনি  প্রথম আলো
আইপিএলের ভেলায় বিশ্ব আসরের বৈতরণি পার হতে চান মহেন্দ্র সিং ধোনি প্রথম আলো

চোট কাটিয়ে মহেন্দ্র সিং ধোনি দলে ফিরলেন, সঙ্গে ফিরল বিতর্ক। মুম্বাই থেকে ভারতীয় দল কাল সকালে উড়ে এল ঢাকায়। ধোনি পেছনে ফেলে আসতে চাইলেন বিতর্ক। কিন্তু চাইলেই কি আর পেছনে ফেলা যায়!
দল দেশের বাইরে যাওয়ার আগে সংবাদমাধ্যমকে সময় দেওয়া অলিখিত নিয়ম। পরপর দুটি টুর্নামেন্টে সেই প্রথাকে বুড়ো আঙুল দেখাল ভারতীয় দল। এশিয়া কাপেও দেশে ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়নি দল, হয়নি এবারও। কোনো বিশ্ব আসরের উদ্দেশে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলন না করার প্রথম নজির হয়তো এটিই। আইপিএলের ফিক্সিং বিতর্কের ঢেউ বয়ে যাচ্ছে এখনো। চেন্নাই সুপার কিংসের অধিপতি গুরুনাথ মায়াপ্পনের সঙ্গে ধোনিসহ জাতীয় দলের আরও দু-তিনজনের নাম এসেছে বলে জোর গুঞ্জন। ধারণা করা হচ্ছে বিব্রতকর প্রশ্নকে দূরে রাখতেই সংবাদকর্মীদের এড়িয়ে চলা। কিন্তু তা এড়ানোর উপায় তো নেই। আইসিসির ধরাবাঁধা সংবাদ সম্মেলন! তবে শুরুর আগেই মিডিয়া ম্যানেজার ড. বাবা জুড়ে দিলেন শর্ত, ‘শুধু ক্রিকেট নিয়েই প্রশ্ন করতে হবে।’
কাজেই ফিক্সিং বিতর্ক বা সংবাদমাধ্যমকে এড়ানোর প্রসঙ্গ শুরুতেই বাদের খাতায়। তবে মাঠের বাইরের প্রসঙ্গের নতুন প্লট তো এরই মধ্যে হাজির! দলের সঙ্গে আসেননি কোচ ডানকান ফ্লেচার। দেশের বাইরে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সে খুশি নয় বোর্ড। সুনীল গাভাস্কার আবার এর মধ্যেই কোচ করতে বলেছেন রাহুল দ্রাবিড়কে। গুঞ্জন শোনা যাচ্ছে, বিসিসিআই-প্রধান নাকি কাল ফ্লেচারকে ডেকে পাঠিয়েছিলেন চেন্নাইয়ে। যেহেতু কোচের ব্যাপার, ‘ক্রিকেট’ তো এখানে আছে! প্রশ্নও হলো। ভারতীয় দলের ম্যানেজার ও সাবেক টেস্ট ব্যাটসম্যান ব্রিজেশ প্যাটেলের কাছে যদিও পাত্তা পেল না তা, ‘কোচ চেন্নাই গেছেন না কোথায়, আমাদের ওসব জানা নেই। শুধু জানি কাল (আজ) দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।’
বিতর্কগুলো বাদ দিলে, ধোনির গত কয়েকটা দিন দারুণ কেটেছে। অনাকাঙ্ক্ষিতভাবেই মিলেছিল বহুকাঙ্ক্ষিত অবসর! তিন সংস্করণেই ভারতের অধিনায়ক তিনি, ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেন আইপিএল ও চ্যাম্পিয়নস লিগে। খেলতে হয় সব ম্যাচেই। বছরজুড়ে বিশ্রাম মেলাই ভার। হঠাৎ জেগে ওঠা পেটের পেশির চোট এনে দিয়েছিল সেই সুযোগ, খেলতে পারেননি এশিয়া কাপে। ভারত এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি বটে, তবে নিজের সময়টা ধোনির ভালোই গেছে, ‘চোট পেলে ইতিবাচক দিকগুলোই দেখা উচিত। আমার জন্য যেমন ইতিবাচক ছিল যে খানিকটা বিশ্রাম পেলাম। একদমই কিছুই করার ছিল না। বাড়িতে বসে আলসেমি করেছি, টিভি দেখেছি। সব মিলিয়ে সময় ভালো কেটেছে। এখন মাঠে নেমে ভালো ক্রিকেট খেলার সময়।’
মাঠে নেমেই ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বীদের। ২১ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই শুরু মূল পর্ব। এশিয়া কাপে ভারতকে হারিয়ে উজ্জীবিত পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ তো বলেই দিয়েছেন, প্রথম ম্যাচে ভারতকে পেয়ে খুশি। ধোনির মুখ থেকে অবশ্য তেমন কিছু শোনা গেল না, ‘শুধু প্রথম ম্যাচ বা পাকিস্তান নিয়েই ভাবছি না। আমাদের গ্রুপ এমনিতেই খুব শক্তিশালী, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। গত ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে আমরা এক ম্যাচ হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলাম। কোনো ম্যাচকেই হালকা করে নেওয়ার সুযোগ নেই।’
ধোনি ফিরেছেন, ওয়ানডে দল থেকে বাদ পড়া দুই অভিজ্ঞ যুবরাজ সিং ও সুরেশ রায়নাও আছেন। ব্যাটিং নিয়ে ভাবনার খুব বেশি কিছু তাই নেই। ভারতের ভাবনা হতে পারে বোলিং আর টি-টোয়েন্টি খুব বেশি না খেলা। অবিশ্বাস্য হলেও সত্যি, গত ১৪ মাসে ভারত টি-টোয়েন্টি খেলেছে একটি! ধোনি অবশ্য এগুলোকে ‘ভাবনা’ বলতে চান না। ভরসা রাখতে চান আইপিএল অভিজ্ঞতায়, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি খুব বেশি খেলিনি আমরা, কিন্তু আইপিএলের মান আন্তর্জাতিক ম্যাচের মতোই। বিশ্বসেরা অনেক ক্রিকেটার খেলেন ওখানে। টি-টোয়েন্টি অভিজ্ঞতা আমাদের তাই যথেষ্টই আছে। বোলারদের ক্ষেত্রেও কথাটি সত্যি। আমাদের এমন বোলার আছে যারা অনেক অনেক ম্যাচ খেলেছে আইপিএলে।’
ধোনি হয়তো ভুলে গিয়েছিলেন, প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত আইপিএল শুরুর পর আর একবারও সেমিফাইনালেই উঠতে পারেনি!