ধোনির ভাবনায় বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতকে ঝামেলায় ফেলতে মার্টিন ক্রোর ব্যবস্থাপত্র হলো সবুজ ও আর্দ্র উইকেট। আকারে-ইঙ্গিতে পরিষ্কার, নিউজিল্যান্ডও সাবেক অধিনায়কের পরামর্শ মেনেই প্রস্তুত হচ্ছে। আজ নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথম ওয়ানডের উইকেট কেমন হবে, সে সম্পর্কে একটা ধারণা তাই পাওয়াই যাচ্ছে।
ঘাসে ভরা সবুজ আর্দ্র উইকেটের পর্যাপ্ত বাউন্স ও গতির সঙ্গে যোগ হবে কনকনে ঠান্ডা ঝোড়ো বাতাস। বাতাসের সুবিধা নিয়ে পেসাররা আদায় করে নিতে পারবেন বাড়তি সুইং। মোদ্দা কথা, পেস বোলিংয়ের ছোবলে ভারতীয়দের নাস্তানুবাদ করার সব আয়োজন সেরেই আজ মাঠে নামছে নিউজিল্যান্ড। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের তাই চার পেসার নিয়ে নামার ইচ্ছা, ‘যদি দ্রুতগতির উইকেট পাই (অ্যাডাম) মিলনে খেলবে।’ মিলনে ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারেন। ম্যাককালাম এই গতিটা কাজে লাগাতে চান।
ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও ধারণা, উইকেট হবে দ্রুতগতির ও বাউন্সি। থাকবে প্রচণ্ড বাতাস। তবে ধোনি সিরিজটাকে দেখছেন ২০১৫ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে। আগামী বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হবে বিশ্বকাপ। গ্রুপ পর্বে ভারতের দুটি ম্যাচ নিউজিল্যান্ডে (অকল্যান্ড ও হ্যামিল্টনে)। এ ছাড়া একটা কোয়ার্টার ফাইনাল এবং একটা সেমিফাইনালও হবে নিউজিল্যান্ডে। ধোনির বিশ্বাস, এই সিরিজ দিয়ে দলের তরুণ ক্রিকেটাররা নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলতে অভ্যস্ত হবেন, ‘এটা আমাদের দলের জন্য ভালো হবে। কারণ খেলোয়াড়েরা বিশ্বকাপের আগে এই কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারবে। বিশেষ করে সেসব ভেন্যু সম্পর্কে, যেখানে আমরা বিশ্বকাপের ম্যাচ খেলব। সব মিলিয়ে এটা আমাদের দলের জন্য ভালো।’
ধোনি সন্তুষ্ট দলের প্রস্তুতি নিয়েও। পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ ভারত শুরু করছে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দিন পাঁচেক আগে নিউজিল্যান্ডে এলেও পাঁচ দিনে পাঁচটি অনুশীলন সেশনই ধোনিদের ভরসা। ধোনি খুশি, অনুশীলন করা গেছে প্রথম ওয়ানডের ভেন্যু ম্যাকলিন পার্কের উল্টো দিকের নেলসন পার্কে, ‘প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। অনুশীলনের জন্য আমাদের ভালো সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। স্টেডিয়ামের ঠিক উল্টো দিকের মাঠে অনুশীলন করেছি। অনুশীলনের উইকেটও ছিল ভালো। যে পিচে আমরা অনুশীলন করেছি, সেটি সেন্টার উইকেটের মতোই।’ ওয়েবসাইট।