ধোনির মধুর সমস্যা
শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন মহেন্দ্র সিং ধোনি? সমস্যাটা মধুর। কিন্তু কাকে বসিয়ে কাকে নেবেন, সিদ্ধান্ত নিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ভারত অধিনায়ক।সিরিজে ১-০-তে পিছিয়ে। সিরিজে হার বাঁচাতে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে ভারতের জয়ের বিকল্প নেই। ‘জিততেই হবে’ ম্যাচের আগে ধোনির সামনে সুখবরের ভিড়। চোটের কারণে দ্বিতীয় টেস্ট মিস করা ওপেনার গৌতম গম্ভীরের শেষ টেস্টে ফেরা প্রায় নিশ্চিত। কুঁচকিতে সমস্যা থাকলেও টেন্ডুলকারকে নিয়েও আশাবাদী ধোনি। মানে এক থেকে পাঁচ—ব্যাটিং-অর্ডারে সেরাদেরই পাচ্ছেন ধোনি। সাত নম্বরে নিজেই আছেন।সমস্যা শুধু ৬ নম্বর নিয়ে। রেকর্ড ৯৮টি ওয়ানডে খেলার পর অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছেন। দলের কঠিন সময়ে করা এই সেঞ্চুরির পুরস্কার হিসেবে জায়গাটা নিশ্চিত হওয়ারই কথা। কিন্তু রায়নাকে নিশ্চয়তা দিতে পারছেন না অধিনায়ক। যুবরাজ সিং যে সুস্থ হয়ে উঠেছেন। শুরুতে অনিয়মিত হলেও বছরখানেক ৬ নম্বরে নিয়মিতই হয়ে উঠেছেন যুবরাজ। গলের প্রথম টেস্টের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা যুবরাজের জ্বর না হলে সিংহলিজ স্পোর্টস ক্লাবে সুরেশ রায়নার টেস্ট অভিষেকই তো হয় না!অভিষেকেই সেঞ্চুরির পরের টেস্টেই যদি দলে জায়গা না হয়, সেটা হবে রায়নার জন্য যন্ত্রণার। আবার সুস্থ হয়েও নিজের জায়গায় ফিরতে না পারাটা যুবরাজের জন্যও হবে কষ্টের। দুজনেই আছেন টেনশনে। তবে বড় টেনশনটা ধোনির। কারণ কঠিন সিদ্ধান্তটা নিতে হবে তাঁকেই। বিব্রত ধোনির কানে প্রশ্নটা তুলতেই তিনি জানিয়ে দিয়েছেন, এখনো চার দিন সময় আছে। সিদ্ধান্তটা নেওয়ার আগে তিনি অপেক্ষা করবেন টেস্ট শুরুর দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত!রায়না না যুবরাজ—প্রেমাদাসায় শেষ টেস্টে কে আসবেন ৬ নম্বরে, সেটা জানতে তাই অপেক্ষা করতে হচ্ছে আগামীকাল সকাল পর্যন্ত। ভাগ্যবান যিনিই হোন, তাঁর আগে রায়না, যুবরাজও নিশ্চয়ই নিজেদের মধ্যকার লড়াইটা বেশ উপভোগ করছেন? দুজনেই বাঁহাতি ব্যাটসম্যান। দুজনই আক্রমণাত্মক। দুজনেরই আবার টেস্ট অভিষেক দীর্ঘদিন ওয়ানডে খেলার পর। রায়নার সমান (৯৮টি) না হলেও যুবরাজও প্রথম টেস্টে নামেন ৭৩টি ওয়ানডে খেলার পর। দুজনেই ভারতের ওয়ানডে-টি-টোয়েন্টি দলের অপরিহার্য সদস্য। ওয়েবসাইট।