ধোনির মুখে কুলুপ
মহেন্দ্র সিং ধোনি কিছুই বললেন না। মুখে কুলুপ এঁটে রইলেন ইংল্যান্ডগামী বিমানে ওঠার আগ পর্যন্ত। দুই হাজার সালের পর সবচেয়ে বড় দুর্নীতির কেলেঙ্কারি যখন ঝড় তুলেছে ভারতীয় ক্রিকেটে; সেই ঝড়ের ঝাপটায় ভারতীয় ক্রিকেট যখন লণ্ডভণ্ড প্রায়, ঠিক তখনই ভারতীয় গণমাধ্যমের এ সংক্রান্ত প্রশ্নগুলো ধোনি এড়িয়ে গেলেন সন্তোর্পণে। ধোনি এড়িয়ে গেলেন মানে, তাঁকে এড়িয়ে যেতে বাধ্য করা হলো।ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এ ব্যাপারে রীতিমতো হতাশাই প্রকাশ করেছে। সেই সঙ্গে তারা এও জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড এ ব্যাপারে কোড অব কন্ডাক্টের শক্ত বেড়াজাল বেঁধে দেওয়াতেই ধোনি মুখে কুলুপ দিয়েছেন। ভারতীয় ক্রিকেটাররা যেন স্পট-ফিক্সিং সংক্রান্ত কোনো ব্যাপারে মন্তব্য করতে না পারেন, সে জন্য মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে একজন মিডিয়া রেগুলেটর পাঠানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতীয় দলের সঙ্গে যিনি মিডিয়া রেগুলেটর হিসেবে ইংল্যান্ড যাচ্ছেন, তিনি তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা। আর এন বাবা নামের ওই কর্মকর্তা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তা এন শ্রীনিবাসনের খুব পেয়ারে ব্যক্তি। পুরো ব্যাপারটির নেপথ্যে যে শ্রীনিবাসন আছেন, সেটা স্পষ্টই জানিয়ে দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।বাবা নাকি ধোনিদের পাশে দাঁড়িয়ে থেকে সাংবাদিকদের প্রশ্নগুলো নিয়ন্ত্রণ করেছেন। স্পট-ফিক্সিং বা বর্তমান কেলেঙ্কারি নিয়ে সাংবাদিকেরা কোনো প্রশ্ন করলেই তাতে উত্তর দিতে ধোনিকে বাধা দিয়েছেন।ভারতীয় সংবাদ মাধ্যম খুব আশা করেছিল মহেন্দ্র সিং ধোনি স্পট-ফিক্সিং কেলেঙ্কারি, শ্রীশান্ত, চান্ডিলা, চাভানদের গ্রেপ্তার সংক্রান্ত ব্যাপারে কিছু বলবেন। নিদেনপক্ষে একটি দুটি মন্তব্য করবেন। কিন্তু ‘বাবাজী’র কারণে ধোনি বলতে পারেননি কিছুই।ধোনিকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘ভারতীয় ক্রিকেটের অধিনায়ক হিসেবে আপনি কী মনে করেন, স্পট-ফিক্সিং কেলেঙ্কারি ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে?’ এই প্রশ্নেরও কোনো জবাব দিতে পারেননি ভারতের বিশ্বাকাপজয়ী অধিনায়ক।