ধোনির মুণ্ডুপাত চলছে ভারতে

* ইংল্যান্ডের বিপক্ষে ০-৪ (২০১১-১২)
* অস্ট্রেলিয়ার বিপক্ষে ০-৪ (২০১১-১২)
* দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ০-১ (২০১৩-১৪)
* নিউজিল্যান্ডের বিপক্ষে ০-১ (২০১৩-১৪)
বিশ্বকাপ-পরবর্তী সময়ে বিদেশের মাটিতে ভারতের টেস্ট সিরিজ হারের পরিসংখ্যান দেখলে মনে হবে, এ যেন আদু ভাইয়ের রেজাল্ট কার্ড! দলের এমন দুর্দশায় যা হয় আর কী, পরাজয়ের ব্যবচ্ছেদ চলে মারাত্মকভাবে। নিউজিল্যান্ডে সিরিজ খোয়ানোর পর এবারও সরব হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সঙ্গে ছুরির মতো ধারালো জিব দিয়ে ভারতীয় দলকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন সাবেকরা। তবে সবচেয়ে বেশি কোপ পড়ছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওপর।
সাবেক ক্রিকেটার মহিন্দর অমরনাথের মতে, ধোনির রক্ষণাত্মক দৃষ্টিভঙ্গির কারণেই বিদেশের মাটিতে ভারতের এ ত্রাহি দশা। এখন সময় এসেছে ধোনিকে সরিয়ে দেওয়া। ৮৩-র বিশ্বকাপজয়ী অমরনাথ বলেন, ‘ধোনি রক্ষণাত্মক অধিনায়ক। ওর এ দৃষ্টিভঙ্গির কারণে প্রতিপক্ষ ম্যাচে ফিরে আসতে পারে। অন্য ভারতীয় অধিনায়কের মতো দেশের মাটিতে ওর রেকর্ড ভালো। এটি বিশেষ কিছু নয়। বিদেশে জেতার জন্য মনসুর আলী খান পতৌদির মতো আক্রমণাত্মক অধিনায়ক প্রয়োজন আমাদের।’
ধোনির ব্যাটিং অর্ডার নিয়েও খেদ ঝাড়লেন অমরনাথ, ‘একজন অধিনায়ককে নেতৃত্ব দিতে হয় সামনে থেকে। একজন টেস্ট অধিনায়কও নেই, যিনি সাত নম্বরে ব্যাট করতে নামেন। এ সময় নেমে আপনি আর কি-ই বা করতে পারেন। আন্তরিকভাবে মনে করি, ওকে (ধোনিকে) এখনই টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার উপযুক্ত সময়। যদিও একদিনের ম্যাচে তার সাফল্য রয়েছে। ফলে ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণে তাকে অধিনায়কত্ব করার সুযোগ দেওয়া যেতে পারে।’
অমরনাথের সমালোচনার তির থেকে রেহাই মেলেনি কোচ ডানকান ফ্লেচারেরও। সাবেক এ ক্রিকেটার কোচকে ধুয়ে দিলেন এভাবে, ‘বুঝি না, সে যদি কিছু না-ই দিতে পারে, তাহলে কেন তাকে রাখা। সবাই খেলোয়াড় ও অধিনায়ক নিয়ে বলছে। কিন্তু কেউ কোচ ও তার স্টাফদের নিয়ে কিছু বলছে না। মনে করি, ভারতীয় দলের একজন নতুন কোচ প্রয়োজন।’
এদিকে ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘বিশ্বকাপ শুরু হতে এক বছরের কম সময় না হলে ধোনির অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার পক্ষেই মত দিতাম। ওর টেস্ট অধিনায়কত্ব যাচ্ছেতাই। তবে এখনই অধিনায়ক পরিবর্তন করা ঠিক হবে না, এতে দলে বিশৃঙ্খলা দেখা দেবে। টেস্টে ক্রিকেটে তার স্থান নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিদেশে ধোনিকে ভালো করতেই হবে।’
ভারতের আরেক সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় ধোনির পাশেই দাঁড়াচ্ছেন। সৌরভের মতো ‘দ্য ওয়াল’ও আগামী বছরের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপ ক্রিকেটের আগে ধোনির অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পক্ষে নন। তবে বললেন, ‘ধোনিকে বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জিততে হলে ঝুঁকি নিতেই হবে।’
সমালোচনার এ প্লাবনে ধোনি সুনীল গাভাস্কারকেও পাচ্ছেন পাশে। ভারতের এ ক্রিকেট কিংবদন্তি বলেন, ‘ভালো বোলিং আক্রমণ না থাকলে অধিনায়কের ভূমিকা সামান্যই। ভারতকে দুর্দান্ত কিছু জয় উপহার দিয়েছে ধোনি। ফলে তাকে ‘‘ঠিক আছে, তুমি দেশে জিতেছ কিন্তু বিদেশের মাটিতে রেকর্ড ভালো নয়। তোমাকে গুডবাই!’’ এমনটা বলা কঠিন। এতে আসলে কাজের কাজ কিছু হয়ও না।’ এদিকে সংবাদমাধ্যমের মধ্যে ধোনি ও কোচ ফ্লেচারকে সরিয়ে দেওয়ার ব্যাপারে সবচেয়ে উচ্চকণ্ঠ ভারতের প্রভাবশালী পত্রিকা ‘হিন্দুস্তান টাইমস’। প্রতিদিনই ধোনি ও কোচকে ধুয়ে দিচ্ছে পত্রিকাটি।