ধোনির যাচাই করার সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ শ্রীলঙ্কা পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের এই সফরকে ইতিবাচক মনে করছেন অনেকে। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অবশ্য এখন শুধু সিরিজটার কথাই ভাবছেন। দলের সামর্থ্য, দুর্বলতা যাচাই করার জন্য এটা একটা ভালো সফর বলে মন্তব্য করেছেন ধোনি।আগামী শনিবার শুরু হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। গতকাল শ্রীলঙ্কায় পৌঁছে সংবাদ সম্মেলনে ধোনি বলেছেন, ‘এই সিরিজের মধ্য দিয়ে নতুন মৌসুম শুরু করছি আমরা। কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক উন্নতি করা দরকার। এবারের সফরটা নিজেদের যাচাই করে নেওয়ার একটা ভালো সুযোগ। আমরা ভালোমতো বুঝতে পারব কোন কোন জায়গায় আমাদের উন্নয়ন ঘটানো দরকার। আর মাঠে আমরা কত ভালো পারফরম্যান্স করতে পারি, সেটাও আমরা বুঝতে পারব।’আর মাত্র দুই মাস পর শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বড় প্রতিযোগিতাটির আগে ভারতের এই শ্রীলঙ্কা সফর অনেক ইতিবাচক হবে বলে মনে করছেন অনেকে। তবে এ মুহূর্তে শুধু এবারের সিরিজটার কথাই ভাবছেন ধোনি। তিনি বলেছেন, ‘বর্তমানটাই এখন বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা শুধু এই সিরিজটা নিয়েই ভাবতে চাই। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবনাটা এখনই গুরুত্বপূর্ণ নয়। একটা ভালো ব্যাপার হচ্ছে, এই সফরের দলের বেশির ভাগ খেলোয়াড়ই থাকবে টি-টোয়েন্টি দলে।’ পিটিআই