ধোনির লুঙ্গি

রোমে গেলে রোমান হতেই হয়। রোমের বদলে যদি হয় চেন্নাই? কোমরে লুঙ্গির গিট্টু না দিলে চলে! শাহরুখ খান আর তাঁর সুপারডুপার হিট ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে লুঙ্গি নাচ নেচে রীতিমতো মাত করে দিয়েছেন। সেখানে চেন্নাই অধিনায়ক হিসেবেও তো মহেন্দ্র সিং ধোনির ওপর কিছু দায়িত্ব বর্তায়, নাকি?
চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে চেন্নাই এখন দিল্লিতে। নিজের শহর রাঁচি থেকে রাজধানীতে উড়ে আসার পথে ধোনির পরনে ছিল লুঙ্গি। অনেকটা দক্ষিণ ভারতীয় কায়দায় লুঙ্গিটা পরেছিলেন ধোনি। মাঝেমধ্যেই ‘বিপজ্জনক সীমা’র ওপরে উঠে যাচ্ছিল লুঙ্গিটা। অবশ্য ভেতরে পরনে কালো রঙের টাইটস ছিল বলে এ নিয়ে থোড়াই কেয়ার করেছেন ধোনি।
শুধু চেন্নাই অধিনায়ক একা নন, এদিন বিমানবন্দরে লুঙ্গি পরা যাত্রী ছিলেন আরও কয়েকজন। ধোনিকে গুরু মেনে চলা সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজার পরনেও ছিল লুঙ্গি। প্রিয় তারকা ক্রিকেটারদের পরনে লুঙ্গি দেখে ভক্তদের অনেকেই ভড়কে গেছেন। কেউ কেউ এই সুযোগ হেলায় হারাতে চাননি। ধোনি-রায়নাদের পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছেন।
চেন্নাই সুপার কিংসের ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণান জানিয়েছেন, এমন লুঙ্গি স্রেফ শখের বশে পরেননি ধোনিরা। বিশেষ দাতব্য একটি কাজের অংশ হিসেবেই নাকি এমন বেশভূষা তাঁদের। সেই দাতব্য কাজের জন্য খেলোয়াড়েরা চাঁদাও দিয়েছেন।