ধোনির শতকে ভারতের লড়াকু সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ২৯ রানের ৫ উইকেট পতনের পর হয়তো বড় ব্যবধানে হারের আশঙ্কা ভর করেছিল ভারতীয় শিবিরে। কিন্তু সেই বিপর্যয়পূর্ণ পরিস্থিতি থেকে ভারতকে লড়িয়ে অবস্থানে নিয়ে গেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১১৩ রানের চমত্কার এক ইনিংস খেলে ওয়ানডে ক্যারিয়ারে ৭০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ধোনির শতকে ভর করে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে স্বাগতিক ভারত।চেন্নাইয়ে আজ বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচটি শুরু হতে একটু দেরিই হয়েছে। আর্দ্র পরিবেশে টসে জিতে ফিল্ডিংটা বেছে নিতে বিন্দুমাত্র ভুল করেননি পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল-হক। অধিনায়কের সিদ্ধান্তকে পরিপূর্ণতা দিতেই যেন বল হাতে প্রথম থেকে জ্বলে ওঠেন দুই পেসার জুনায়েদ খান আর মোহাম্মদ ইরফান। তরুণ পেসার জুনায়েদ খান রীতিমতো রাজত্ব করেছেন চেন্নাইয়ের মাঠে। ভারত ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এই বাঁহাতি বোলারের হাতেই নাস্তানাবুদ হয়েছে ভারতীয় টপ অর্ডার। প্রথম দশ ওভারের মধ্যে স্কোরবোর্ডে মাত্র ২৯ রান যোগ হতেই একে একে ফিরে যান শেবাগ, গম্ভীর, কোহলি, যুবরাজ ও রোহিত শর্মা। এই বেসামাল অবস্থার মধ্যে শক্ত হাতে দলের হাল ধরেন সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনি। ষষ্ঠ উইকেটে ৭৩ রানের ধীরস্থির এক জুটি গড়ে প্রাথমিক বিপর্যয়টা সামাল দেন এই দুই ব্যাটসম্যান। ইনিংসের ৩৪তম ওভারে এই জুটি ভাঙ্গতে সক্ষম হন মোহাম্মদ হাফিজ। ৪৩ রান করে ফিরে যান রায়না। তাঁর বিদায়ের পর হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু এরপর যেন আরও বিধ্বংসী হয়ে ওঠেন ধোনি। সপ্তম উইকেটে রবিচন্দ্রন অশ্বিনকে সঙ্গে নিয়ে তিনি গড়ে তোলেন ১২৫ রানের অবিচ্ছিন্ন এক জুটি। এটি সপ্তম উইকেটে ভারতের পক্ষে সর্বোচ্চ রানের জুটির নতুন রেকর্ড। এই ১২৫ রানের মধ্যে ৯১ রানই আসে ধোনির ব্যাট থেকে। ৩১ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন অশ্বিন। পাকিস্তানের পক্ষে ৪৩ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছেন জুনায়েদ খান।ভারতীয় ব্যাটিংয়ের শুরুতে ‘ধীরে চলো’ নীতিই অনুসরণ করছিলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর। তাঁরা স্কোরবোর্ডে ১৭ রান তুলে ফেলার পরপরই প্রথম আঘাত হানেন জুনায়েদ খান। মিডলস্ট্যাম্পের ওপর পিচ করা একটি বল কভারের দিকে ঠেলে মারতে গিয়ে বোল্ড হয়ে যান শেবাগ। ইরফান ক্রমাগত বল করে যাচ্ছিলেন অফস্ট্যাম্প করিডরে। কিন্তু মিডলস্ট্যাম্পে তাঁর একটি ফুলার লেংথের বলে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে নিজের মিডলস্ট্যাম্প হারান গম্ভীর। শেবাগ ও গম্ভীরের পদাঙ্ক অনুসরণ করে বিরাট কোহলি ও যুবরাজ সিংও ফিরে যান বোল্ড হয়ে।কোহলিকে জুনায়েদ ফেরান অফস্ট্যাম্পের বাইরে একটি ফুলার লেংথের বলে। জুনায়েদের বলটি বেরিয়ে যাওয়ার সময় উড়িয়ে নিয়ে যায় কোহলির অফস্ট্যাম্প। যুবরাজ উইকেটে এসে কিছু বুঝে ওঠার আগেই জুনায়েদের আরও একটি দারুণ বলে হারান নিজের মিডলস্ট্যাম্প।চরম বিপর্যয়ের মুখে সুরেশ রায়না ও রোহিত শর্মা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। জুনায়েদের দারুণ এক বলে তৃতীয় স্লিপে মোহাম্মদ হাফিজের দারুণ এক ক্যাচে পরিণত হন শর্মা। মোহাম্মদ হাফিজের বলে সুরেশ রায়না হন বোল্ড।