ধোনির স্মৃতির আয়নায় টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার তাঁর শৈশবের নায়ক, বেড়ে ওঠার দিনগুলোর আদর্শ। এখনো টেন্ডুলকারের সঙ্গে কথা বলতে গিয়ে কিছুটা অস্বস্তি, কিছুটা লজ্জা কাজ করে মনে। কিন্তু মাঠে যখন দলের কৌশল নিয়ে আলোচনা হয়, তখন নিজের ভাবনাগুলো তুলে ধরতে পিছপা হন না। এমনকি সেটা টেন্ডুলকারের সঙ্গে দ্বিমত করে হলেও। মহেন্দ্র সিং ধোনির ধারণা, ভারতের নেতৃত্ব পাওয়ায় ভূমিকা রেখেছে তাঁর অমন মনোভাব। ওই স্পষ্টবাদিতা দেখেই বিসিসিআইয়ের কাছে ধোনিকে নেতৃত্ব দেওয়ার সুপারিশ করেছিলেন টেন্ডুলকার।পরশু দিল্লিতে টেন্ডুলকারকে নিয়ে লেখা এক বইয়ের মোড়ক উন্মোচনে গিয়ে ধোনি খুলে দিলেন স্মৃতির দুয়ার। টেন্ডুলকার—দ্য ক্রিকেটার অব দ্য সেঞ্চুরি নামের বইটি লিখেছেন দিল্লিভিত্তিক সাংবাদিক বিমল কুমার। অধিনায়কত্ব পাওয়ায় টেন্ডুলকারের অবদানের কথা জানালেন ধোনি সেখানেই, ‘টেন্ডুলকার আমার ছেলেবেলার নায়ক। তার যে বিশালত্ব, এখনো মাঠের বাইরে তার সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারি না আমি। কিন্তু মাঠে আমি কখনই সৎ পরামর্শ দিতে পিছপা হইনি। এমন অনেকবারই হয়েছে, টেন্ডুলকারের সঙ্গে আমার মতের অমিল হয়েছে। তবু নিজের ভাবনার কথা বলেছি। এই সততার ফল আমি পেয়েছি, যখন সে অধিনায়ক হিসেবে আমার নাম সুপারিশ করেছে। আমার ভাবনা শুনে হয়তো তার মনে হয়েছিল আমি খুব দ্রুত খেলাটার নানা দিক সম্পর্কে শিখেছি। অধিনায়কত্ব যদি না-ও পেতাম, টেন্ডুলকার আমার নাম সুপারিশ করেছে, সেটাই আমার জন্য অনেক বড় ব্যাপার হয়ে থাকত।’শৈশবের নায়কের সঙ্গে প্রথম দেখার গল্পও শোনালেন ধোনি, ‘২০০০-০১ বা ২০০১-০২ মৌসুমের দিলীপ ট্রফির ম্যাচ ছিল সেটা, পুনেতে। আমি ছিলাম পূর্বাঞ্চল দলের দ্বাদশ ব্যক্তি। টেন্ডুলকার ওই ম্যাচে ১৯৯ করেছিল। আমি একবার সতীর্থদের জন্য পানি নিয়ে ঢুকলাম মাঠে, হঠাৎ টেন্ডুলকার এগিয়ে এসে বলল, “একটু পানি পেতে পারি?” আমি কিছুই বলিনি, শুধু পানি এগিয়ে দিয়েছি। প্রথম কথা হলো ২০০৪ সালে ভারতের বাংলাদেশ সফরে। সফরটা শেষ হয়ে গেল পাঁচ দিনেই। একদিন সবাই মিলে কথা হচ্ছিল, লম্বা একটি টেবিলের মাঝে বসে ছিলেন টেন্ডুলকার। দাদা (সৌরভ গাঙ্গুলী), রাহুল ভাইও (দ্রাবিড়) ছিলেন। আমাকে বলা হয়েছিল চেয়ারের ওপর দাঁড়িয়ে সবার সামনে কিছু বলতে।’ খেলা না থাকলে টেন্ডুলকার সতীর্থদের কাছেও দূর আকাশের তারা। এমনকি ফোনকল বা খুদে বার্তার জবাবও মেলে না। ধোনির ধারণা, অবসর নেওয়ার পর টেন্ডুলকারের নাগাল পাওয়া আরও কঠিন হবে ‘অবসর নেওয়ার পর টেন্ডুলকারের বন্ধু হয়ে থাকা মুশকিল হয়ে উঠবে। আশা করি, অন্তত গাড়ি বা বাইক নিয়ে তার সঙ্গে কথা বলতে পারব!’ টেন্ডুলকারের অবসরের প্রসঙ্গে এল ধোনির অবসরও। ভারত অধিনায়ক ভারতীয় সেনাবাহিনীর সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলও, অবসর-পরবর্তী জীবনে সেই ‘সম্মান’কে জানাতে চান সম্মান, ‘জন্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সময় কাটাতে চাই, উত্তর-পূর্ব সীমান্তেও। এর আগে জম্মু ও কাশ্মীরে গিয়ে (২০১১ সালে) খুব বেশি সময় কাটাতে পারিনি। ধারাভাষ্যকার কখনোই হতে পারব না, পরিসংখ্যান মনে থাকে না, টেকনিক্যাল বিষয়ে কথা বলতে ঝামেলায় পড়ব!’ ওয়েবসাইট।