ধোনির হাতে ট্রফি চান কপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ বছর আগে সর্বশেষ তাঁর হাতেই উঠেছিল বিশ্বকাপ। এরপর আর কোনো ভারতীয় অধিনায়ক উঁচিয়ে ধরতে পারেনি ট্রফিটা। কপিল দেব বড় আশা করে তাকিয়ে আছেন ২ এপ্রিলের দিকে। বিশ্বকাপজয়ী অধিনায়কের আশা, সেই দিন মহেন্দ্র সিং ধোনির হাতে শোভা পাবে বিশ্বকাপ। ‘ভারতের এই দলটায় আছে আমাদের দেখা সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ। বোলিংটা একটু দুর্বল হলেও দলটাকে বেশ ভারসাম্যপূর্ণই বলব। তাই নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললে ওদের এবার বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবেই দেখা যাবে’—কপিলের আশাবাদ।১৯৮৩ বিশ্বকাপ জয়ে তাঁর নিজের ছিল বড় ভূমিকা। এবার ধোনিও কি সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন? কপিলের আশা, ‘ধোনি আমার চেয়েও ভালো করবে। ও দুর্দান্ত ক্রিকেটার। অসাধারণ অধিনায়ক। আশা করি, ও ওর প্রার্থিত সবকিছুই অর্জন করবে।’এবারের বিশ্বকাপে সুনির্দিষ্ট কোনো ফেবারিট নেই বলেও মন্তব্য কপিলের, ‘তিন-চারটি দল বাকিদের চেয়ে এগিয়ে আছে। ইংল্যান্ড এবার খুবই ভালো একটা দল নিয়ে আসবে। শ্রীলঙ্কার ব্যাপারে আমার সব সময়ই আস্থা আছে। অস্ট্রেলিয়াকে অবশ্য তাদের সেই মানের দল মনে হচ্ছে না। দক্ষিণ আফ্রিকাও দেখিয়ে দিয়েছে, যেকোনো দলকে তছনছ করে দেওয়ার বোলিং শক্তি তাদের আছে। আর পাকিস্তান তো বরাবরই সবচেয়ে অননুমেয়। নিজেদের দিনে তারা যেকোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে।’নিজের দেশের ক্ষুধার্ত সমর্থকদের সামনে খেলবে ভারত। কপিল এর ইতিবাচক-নেতিবাচক দুটো দিকই দেখছেন। তবে সমর্থনকে শক্তি হিসেবেই নেওয়ার পরামর্শ তাঁর, চাপ হিসেবে নয়। ওয়েবসাইট।