ধোনিরা যেন অমাবস্যার চাঁদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব দল উন্মুক্ত মিডিয়া সেশন করলেও নিয়ম ভেঙে ভারতীয় দলের জন্য করা হলো আলাদা ব্যবস্থা। বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন ও রোহিত শর্মা—এ চারজন একসঙ্গে বসলেন পাশাপাশি। ছবি: হাসান রাজা
সব দল উন্মুক্ত মিডিয়া সেশন করলেও নিয়ম ভেঙে ভারতীয় দলের জন্য করা হলো আলাদা ব্যবস্থা। বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন ও রোহিত শর্মা—এ চারজন একসঙ্গে বসলেন পাশাপাশি। ছবি: হাসান রাজা

যেন চাঁদের হাট বসেছে বাংলাদেশে। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ক্রিকেটের সব তারকা-মহাতারকা এখন বঙ্গীয় দ্বীপে। আইসিসি টুর্নামেন্টগুলোয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের বাইরেও উন্মুক্ত মিডিয়া সেশন বলে একটা বিষয় থাকে। কয়েকটি টেবিলে ভাগাভাগি হয়ে বসেন সংবাদকর্মীরা। আর প্রতি দলের তিন-চারজন ক্রিকেটার একজন একজন করে পর্যায়ক্রমে কথা বলেন প্রতি টেবিল ঘুরে ঘুরে। কিন্তু এ ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম ভারত। সংবাদমাধ্যম ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে ঘোর ‘শত্রু’ হিসেবে পরিণত হয়েছে। আর এতেই ফুঁসছে ভারতীয় সংবাদমাধ্যম।
১৫ মার্চের কথাই ধরা যাক। সব দল উন্মুক্ত মিডিয়া সেশন করলেও নিয়ম ভেঙে ভারতীয় দলের জন্য করা হলো আলাদা ব্যবস্থা। টেবিল থেকে টেবিলে ঘোরাফেরার ব্যাপারটি হয়তো পছন্দ হয়নি তাঁদের। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন ও অজিঙ্কা রাহানে—এ চারজন একসঙ্গে বসলেন পাশাপাশি। উন্মুক্ত মিডিয়া সেশনের বদলে সেটা হয়ে গেল সংবাদ সম্মেলন!
এ কদিনে নিজেদের দেশের অর্থাত্ ভারতের সাংবাদিকেরা ভারতীয় দলের কাছে অপ্রত্যাশিত ব্যবহার পেয়ে ভীষণ ক্ষুব্ধ। প্রভাবশালী পত্রিকা ‘টাইমস অব ইন্ডিয়া’ লিখেছে, ‘ভারতীয় দল ফের সংবাদমাধ্যম এড়িয়ে চলছে।’ পশ্চিমবাংলার বহুল প্রচারিত দৈনিক ‘আনন্দবাজার পত্রিকা’ তো রীতিমতো ধুয়েই দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হচ্ছে, ধোনির ‘টিম ইন্ডিয়া’র সঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমের সম্পর্ক সর্বকালীন নিকৃষ্ট স্তরে পৌঁছেছে। নেপথ্যে উসকানি জোগাচ্ছে নাকি ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় সংবাদমাধ্যমকে টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে, সংবাদ সম্মেলন ছাড়া কোথাও, এমনকি হোটেলের লবি বা ড্রেসিংরুমের বাইরে উন্মুক্ত স্থানেও তারা খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে পারবে না।
‘আনন্দবাজর পত্রিকা’র খবরে বলা হয়, ভারতীয় দলের অহেতুক কড়া নিরাপত্তা কিংবা বিভিন্ন আবদারে নাকি অস্থির হয়ে যাচ্ছে আয়োজক বাংলাদেশ। এ প্রসঙ্গে প্রতিবেদনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘এক প্রভাবশালী সদস্যে’র উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘ভারতীয় দলের বায়নাক্কায় আমরা পাগল হয়ে যাচ্ছি। আর কেউ এসব করে না। এ জন্যই দলটার এই অবস্থা। এবার তো ভারতীয় দলের জন্য কোনো ভিড় নেই। আগে শচীন এলে সোনারগাঁওয়ের লবি ভরা থাকত। কই তখন তো কোনো সমস্যা হয়নি। এবার এত বায়নাক্কা করে পাগল করছে কেন?’
এদিকে প্রাইভেট টেলিভিশন নেটওয়ার্ক জির বিরুদ্ধে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠুকে দিয়েছেন ধোনি। এতেই প্রমাণ হয় ধোনির সঙ্গে মিডিয়ার সম্পর্ক কতটা তলানিতে গিয়ে ঠেকেছে। প্রশ্ন হলো, সম্পর্ক কেন ক্রমেই তিক্ত থেকে তিক্ততর হচ্ছে? অনেকগুলো কারণ খুঁজে পাওয়া যায় এর পেছনে। ২০১১ বিশ্বকাপের পর বিদেশের মাটিতে ভারতের হতশ্রী পারফরম্যান্স, ২০০৭-এর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতা, আইপিএল ফিক্সিং কেলেঙ্কারি, ধোনির অধিনায়কত্ব প্রভৃতি নিয়ে যত বেশি লেখালেখি হচ্ছে, সংবাদমাধ্যমের ওপর ততই কঠোর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।