ধ্বংসস্তূপে ধোনির লড়াই
পথ হারালেন না অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুক। বোলারদের দেখানো পথেই হাঁটলেন এই দুই ইংলিশ ওপেনার। ভারতকে ২২৪ রানে বেঁধে ফেলে প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ কোনো উইকেট না হারিয়েই ৮৪। সিরিজে ব্যক্তিগত সর্বোচ্চ রান করে অপরাজিত আছেন স্ট্রাউস (৫২*) ও কুক (২৭*) দুজনই। এর আগে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অনেক দিন পর নিজের মতো খেললেন মহেন্দ্র সিং ধোনি। মাত্র ১১১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা ভারত ২২৪ করে অধিনায়কের ৭৭ রানেই। আকাশ মেঘলা ছিল না, সুইংও ছিল না ট্রেন্টব্রিজের মতো। উইকেটও ছিল খানিকটা মন্থর। উইকেটে সবুজের ছোঁয়া দেখে জুজুর ভয় পেয়েই কিনা, বেশির ভাগ ভারতীয় ব্যাটসম্যানই ছুড়ে দিয়ে এলেন উইকেট।শেবাগকে যেন মনে করা হচ্ছিল ভারতীয় ব্যাটিংয়ের ‘ত্রাণকর্তা’। কিন্তু প্রত্যাবর্তন টেস্টে আউট প্রথম বলেই! দারুণ আস্থায় খেলতে থাকা গৌতম গম্ভীর মূল্য দিলেন অতি আত্মবিশ্বাসের। শরীর থেকে দূরে খেলে বল টেনে আনলেন স্টাম্পে। শততম সেঞ্চুরির প্রত্যাশার চাপটা যেন বইতে পারছেন না টেন্ডুলকার। প্রথম বল থেকেই নার্ভাস মনে হচ্ছিল, আউটও হয়েছেন নার্ভাস এক শট খেলে। এবার আর বোলার অ্যান্ডারসন নন, তবে ব্রডের বলে তৃতীয় স্লিপে ক্যাচটি নিয়েছেন অ্যান্ডারসনই!অমনোযোগী শটে আউট লক্ষ্মণ এবং রায়নাও। যথারীতি যিনি আবারও দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন, সেই রাহুল দ্রাবিড়ের জন্যই যেন দিনের সেরা ডেলিভারিটি রেখেছিল ইংল্যান্ড। ইনসুইংয়ের মতো মনে হওয়া বল সুইং না করে দ্রাবিড়ের ব্যাটের পাশ দিয়ে গিয়ে উড়িয়ে নিয়েছে অফ স্টাম্প। ওয়েবসাইট।