ধ্রুপদ চতুষ্টয়ের প্রথম ভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল-দেবতা বেশ ‘মুডে’ আছেন নির্ঘাত। প্রতি মৌসুমের শুরুতে ফুটবলপিয়াসীরা তীর্থের কাকের মতো চেয়ে থাকে—কবে একটা ‘এল ক্লাসিকো’ হবে। দেবতার বরদানে আগামী ১৮ দিনের মধ্যেই চার-চারটি এল ক্লাসিকো আপনার দুয়ারে। প্রথমটি আজই। স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলের যে অবস্থা তাতে আজ মরণকামড়ই দিতে চাইবে রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপা জেতার আশা ধরে রাখতে চাইলে আজ যে তাদের জিততেই হবে। রিয়ালের চেয়ে বার্সেলোনা ৮ পয়েন্টে এগিয়ে। লিগে বাকি আছে আর সাতটি ম্যাচ।রিয়াল মরণকামড় দিতে চাইবে আরও একটি কারণে। প্রতিশোধ—অপমানের প্রতিশোধ! এমনিতেই স্পেনের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের মধ্যে অনাহূত অতিথি হয়ে ঢুঁ মেরে যায় রাজন্যবর্গের সঙ্গে প্রান্তিক মানুষের লড়াইয়ে ইতিহাস। স্বাভাবিকভাবেই এল ক্লাসিকোর জয়-পরাজয়ের সঙ্গে অক্টোপাসের মতো জড়িয়ে থাকে অহংবোধ। ‘রাজা’ মাদ্রিদের সেই অহংকারে আঘাত দিয়ে আসছে ‘প্রজা’ বার্সেলোনা। লিগের গত পাঁচটি এল ক্লাসিকোতেই জিতেছে বার্সেলোনা।এর মধ্যে আছে রিয়ালকে তাদের মাঠেই ২-৬ গোলের লজ্জা দিয়ে আসা। আছে ৫-০ ব্যবধানের অপমানও, যে অপমানের স্মৃতি হোসে মরিনহোর ভালোই মনে থাকার কথা। খুব বেশি দিন আগের ঘটনা তো নয়। গত নভেম্বরে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে এভাবেই রিয়ালের আত্মবিশ্বাস চূর্ণ করে দিয়েছিল বার্সা। সেই ধাক্কাতেই আজ রিয়াল ৮ পয়েন্ট পেছনে। নয়তো তারাও তো ছুটছিল তেজি ঘোড়ার মতোই।লিগে বার্সার বিপক্ষে রিয়াল সর্বশেষ জিতেছিল ২০০৭-০৮ মৌসুমে। ক্রিস্টিয়ানো রোনালদো তখনো মাদ্রিদে পা রাখেননি। এল ক্লাসিকোতে জয়ের স্বাদ তাই পাওয়া হয়নি তাঁর। মরিনহোর তো প্রশ্নই আসে না। যদিও ভাবা হয়েছিল, মরিনহো এসে মানসিক বাধাটি দূর করে দেবেন। অতীত পরাজয়ের শোকে কাতর হয়ে মাঠে নামবে না রিয়াল। কার্যত সেটি প্রথম এল ক্লাসিকোতে হয়নি। বরং মরিনহোর এল ক্লাসিকো অভিষেক হয়েছে ৫-০ গোলের লজ্জায়।ফলে মানসিকভাবে আজও পিছিয়েই থাকবে রিয়াল। নিজেদের মাঠে খেলাটাও তাদের জন্য বাড়তি শক্তি হবে না। কারণ মাদ্রিদে এসে খেলে গত দুই ম্যাচে বার্সা দিয়ে গেছে ৮ গোল! মরিনহো অবশ্য তুড়ি মেড়ে উড়িয়ে দিতে চাইলেন এসব পরিসংখ্যান, ‘প্রতিটি ম্যাচই আলাদা। প্রথম এল ক্লাসিকো এই ম্যাচে, দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ ম্যাচে প্রভাব ফেলতে পারে আমি এই ধারণার পক্ষে নই।’বোঝাই যাচ্ছে, মরিনহোর হিসাবের খাতায় চারটি ম্যাচই আছে। তবে একটি একটি ম্যাচ ধরে এগোতে চান ‘স্পেশাল ওয়ান’। লিগে স্পোর্টিং গিজনের কাছে নিজেদের মাঠে হেরে যাওয়ার পর অবশ্য ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে তাঁর দল। লিগে পরের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে। এরপর চ্যাম্পিয়নস লিগে টটেনহামকে প্রথম লেগে ৪-০ এবং পরের লেগে হারিয়েছে ১-০ গোলে। ক্রিস্টিয়ানো রোনালদোও আছেন গোলের ধারায়। গিজন-বিপর্যয়ের রিয়ালের এই তিনটি ম্যাচেই গোল করেছেন।অনিবার্যভাবে রোনালদো বনাম মেসি লড়াইয়ের প্রসঙ্গও আসছে। লিগের সর্বোচ্চ গোলদাতার পিচিচি ট্রফি নিয়ে ভালোই লড়াই জমেছে দুজনের মধ্যে। সব মিলে মেসি এগিয়ে। সব মিলে বার্সাকেও মনে হচ্ছে একটু এগিয়ে। যদিও বার্সা কোচ পেপ গার্দিওলা বলছেন, ‘যেকোনো দিক দিয়েই দেখুন, ওরা কিন্তু সবচেয়ে শক্তিশালী দল।’কিন্তু টিভির সামনে বসলে গার্দিওলার এই কথাটা কি মনে থাকবে দর্শকের? তারা তো পেতে চায় ক্লাব ফুটবলের পরম প্রার্থিত ধ্রুপদি লড়াইয়ের রোমাঞ্চ।মেসির গোল-খরাএই মৌসুমে ৪৬ ম্যাচে ৪৮ গোল করেছেন, তার পরও মেসির গোল-খরা? মানে কী! মানে হলো, লিওনেল মেসি এখন পর্যন্ত হোসে মরিনহোর দলের বিপক্ষে গোল করতে পারেননি। মরিনহো কোচ ছিলেন এমন আটটি ম্যাচে মেসি খেলেছেন। কিন্তু প্রতিবারই আর্জেন্টাইন স্ট্রাইকারকে নিষ্ফলা রাখতে পেরেছেন স্পেশাল ওয়ান। আজকের এল ক্লাসিকোয় কী এই খরা কাটাতে পারবেন মেসি?রোনালদোর গোলবিভ্রাটএই মৌসুমে স্প্যানিশ লিগে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করেছেন কয়টি? ২৮ নাকি ২৯? মৌসুমের শুরুর দিকে রোনালদোর একটি গোল পরে পেপের নামে লেখা হয় বলটি পেপের গায়ে লেগে দিক পরিবর্তন করেছিল বলে। ফিফার নিয়ম তা-ই বলছে। কিন্তু স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতাকে যে পিচিচি ট্রফি দেয় মার্কা, তাদের নিজস্ব নিয়মটা আবার অন্য। তারা বলছে, রোনালদো গোল ২৯টি, মেসিরও তা-ই।