ধ্রুপদি হতাশা
৫০ কোটি! কাজ আর ঘুম বিসর্জন দিয়ে এত মানুষ টেলিভিশনের সামনে বসেছিল। এল ক্লাসিকো, মানে ধ্রুপদি লড়াই দেখবে বলে। বৃথাই গেল সেই আশা। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা পরশু চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে যা উপহার দিল, সেটা আসলে ধ্রুপদি হতাশা! লিওনেল মেসির জোড়া গোলে ধ্রুপদি হতাশার ম্যাচে ১০ জনের রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।শুরুটা হয়েছিল ম্যাচের আগের সংবাদ সম্মেলন থেকেই। রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো পেপ গার্দিওলাকে খোঁচা মেরে বলেছিলেন, তিনি নাকি রেফারির সঠিক সিদ্ধান্তেরও সমালোচনা করেন। বার্সা কোচও এর জবাব দিয়েছিলেন কঠিন ভাষায়।কথার লড়াই বার্নাব্যুতে রূপ নিয়েছিল দুই দলের শারীরিক শক্তি প্রদর্শনে। খেলা দেখতে দেখতে যদি কারও মনে হয়ে থাকে ‘ফুটবল এখানে নিমিত্ত মাত্র, আসলে এটা শরীরী লড়াই’, তাহলে দোষ দেওয়া যাবে না।৯০ মিনিটে মাঠে খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি হলো অজস্রবার, মাঝবিরতিতে ড্রেসিংরুমে যাওয়ার সময় হাতাহাতি হলো দুই দলের খেলোয়াড়দের। বার্সার দ্বিতীয় গোলরক্ষক হোসে পিন্টো লাল কার্ডও দেখেন সেখানে। মাঠে পেদ্রো রদ্রিগেজকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেছেন পেপে, এর প্রতিবাদ করে লাল কার্ড দেখেছেন রিয়াল কোচ মরিনহো।সব মিলিয়ে ৩টি লাল কার্ড, ৫টি হলুদ কার্ড, ৪৬ ফাউল। এর বিপরীতে স্পেনের সেরা দুই ক্লাবের ম্যাচে গোলে শট হলো মাত্র ৮টি। এল ক্লাসিকো না বলে পরশুর ম্যাচটিকে ‘হেল ক্লাসিকো’ বললেও ভুল হবে না! বার্নাব্যুতে সুন্দর ফুটবলের প্রত্যাশায় যারা ছিল, তারা উপহার পেল নিখাদ যন্ত্রণাদায়ক ফুটবল!তবে কিনা প্যাচপ্যাচে কাঁদার মাঝেও ফুল ফুটতে পারে। পরশু রিয়াল-বার্সা ম্যাচে সেই ফুল ফোটালেন লিওনেল মেসি। ১০ মিনিটের মধ্যে (৭৬ ও ৮৬) দুই গোল করে হাসি ফুটিয়েছেন বার্সা শিবিরে। প্রথম গোলটি করেছেন বদলি খেলোয়াড় অ্যাফালাইয়ের দুর্দান্ত এক ক্রসে পা ছুঁয়ে।দ্বিতীয় গোলটি সত্যিই ফুটেছে ফুল হয়ে। বুসকেটসের বাড়ানো বল পেয়েছিলেন তিনি রিয়ালের পেনাল্টি বক্সের বেশ পেছনে। আর্জেন্টাইন জাদুকরকে ঘিরে ছিলেন মার্সেলো, আলবিওল, জাবি আলোনসো ও রামোস। আলবিওল ও আলোনসোকে প্রথম মুভেই ছিটকে ফেলেন তিনি। এরপর রামোস ও মার্সেলোকে কাটিয়ে বল পৌঁছে দেন জালে। গোলটি অনেকের দৃষ্টিতেই চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম সেরা।মরিনহোর দলের বিপক্ষে মেসি গোল করতে পারেন না—এই অপবাদ ঘুচিয়েছেন দুই ম্যাচ আগেই। এ ম্যাচের দুই গোল রিয়ালকে দৃশ্যত ছিটকে ফেলেছে চ্যাম্পিয়নস লিগ থেকে। কারণ, বার্সাকে টপকে ফাইনালে উঠতে হলে রিয়ালকে আগামী মঙ্গলবার ন্যু ক্যাম্পে জিততে হবে ন্যূনতম ৩-১ ব্যবধানে। এই ম্যাচে খেলতে পারবেন না পেপে, খেলতে পারবেন না দুই হলুদ কার্ডের খাঁড়ায় পড়া সার্জিও রামোসও। রিয়াল কোচ তো আশা ছেড়েই দিয়েছেন, ‘দ্বিতীয় লেগে কাজটা খুব কঠিন হবে। খুব কঠিন নয়, আসলে অসম্ভব। আসলে তারাই (বার্সেলোনা) ফাইনালে যাবে।’২০০২ সালের পর রিয়াল মাদ্রিদে আবার উঁকি দিয়েছিল ফাইনাল খেলার আশা। সেই আশায় জল ঢেলে বার্সার ওয়েম্বলি ফাইনাল খেলার স্বপ্নটা জাগ্রত করে দিয়েছেন এই মৌসুমে ৫২ গোলের মালিক মেসি। বার্সা কোচ আরেকবার তাঁর ছোট্ট জাদুকরের প্রশংসায় হয়েছেন পঞ্চমুখ, ‘আমাদের সৌভাগ্য, ওকে (মেসি) আমরা দলে পেয়েছি। এর আগেও এমন গোল ও করেছে। মাত্র ২৩ বছর বয়সেই ও বার্সেলোনার তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। মেসি অনন্য। তবে এটাই আমাদের খেলার সৌন্দর্য্য।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।