নইমুদ্দিন, সুব্রত না ব্রাজিলিয়ান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মৌসুমের জন্য একজন বিদেশি কোচ খুঁজছে ব্রাদার্স। তিনজন কোচ আছে তাদের পছন্দের তালিকায়। তার মধ্যে একজন পুরোনো মুখ—ভারতের সৈয়দ নইমুদ্দিন। কলকাতা মোহনবাগানের সাবেক কোচ সুব্রত ভট্টাচার্য আছেন তালিকায়। তৃতীয় জন হলেন কোচ সার্জিও ক্লদিও, ইনি ব্রাজিলিয়ান।
ব্রাদার্সের ম্যানেজার আমের খানের কথানুযায়ী, এই তিনজনের একজনকে আনা হতে পারে। দু-তিন দিনের মধ্যে একজনকে চূড়ান্ত করা হবে। ব্রাদার্সের এক কর্মকর্তা কলকাতা গিয়েছেন, সেখানে তিনি নইমুদ্দিনের সঙ্গে কথা বলেছেন। নইমুদ্দিন আসতে রাজি। তবে ক্লাবের অনেকেই চাইছেন নতুন মুখ। সে ক্ষেত্রে বর্তমানে কাতারের একটা ক্লাবের সঙ্গে যুক্ত ব্রাজিলিয়ান কোচ বা সুব্রতর সম্ভাবনা বেশি। ব্রাজিলিয়ানের পেছনে যে ব্যয় হবে, সেটা তুলনামূলক বেশি হবে সুব্রতর চেয়ে। শেষ পর্যন্ত সুব্রত হতে পারেন এক নম্বর পছন্দ।
‘নইম ভাই, সুব্রত এবং ব্রাজিলিয়ান কোচের সঙ্গে আলোচনা চলছে। ক্লাবই ঠিক করবে কাকে আনা হবে’—বললেন আমের খান। বিদেশি কোচ আনার আগে ফেডারেশন কাপটা হয়তো স্থানীয় কোচ নিয়ে চালিয়ে নেবে ব্রাদার্স। সেই কোচ ব্রাদার্সেরই ‘ঘরের ছেলে’ ওয়াসিম ইকবাল।
ওদিকে ঢাকায় এখন ঝাঁকে ঝাঁকে আসছেন বিদেশি ফুটবলার। প্রতি ক্লাবেই চলছে বিদেশিদের ট্রায়াল। ব্রাদার্স আজ বিদেশিদের দেখতে ট্রায়াল ম্যাচ আয়োজন করছে। কাল বুয়েট মাঠে শেখ রাসেলের অনুশীলনে গিয়ে দেখা গেল, নবাগত জ্যামাইকান ফুটবলার দলের অনুশীলনে যোগ দিয়েছেন। গতকালই চারজন মরোক্কান ফুটবলার এসেছেন রাসেলে। আজ তাঁদের অনুশীলনে দেখবেন কোচ-কর্মকর্তারা। আরও দু-তিনজন আসার কথা। আগামীকাল উরুগুয়ের একজন ফুটবলার আসার অপেক্ষায় রয়েছে রাসেল। ইকুয়েডর লিগে নিজ দলের ম্যাচ খেলে গতকালই যাঁর বাংলাদেশে রওনা হওয়ার কথা ছিল।
মোহামেডানে আসা দুই ডাচ ফুটবলার পূর্বসিদ্ধান্ত অনুযায়ী গতকাল ফিরে গেছেন। স্বদেশে তাদের ম্যাচ আছে। তাই ঢাকায় এসে দুই দিন থেকে ফিরে যাওয়ার কথা ছিল দুই তরুণের। মোহামেডান ডাকলে আবার আসবেন।
তবে যত দূর জানা গেছে, না ডাকার সম্ভাবনাই বেশি। সেভাবে নাকি পছন্দ হয়নি। তবে দুজনের মধ্যে স্ট্রাইকারকে তুলনামূলক ‘চলে’ বলছেন কোচিং স্টাফেরই একজন। আনলে তাঁকে আনা হতে পারে। অন্যথায় দুই ডাচ ফুটবলারের বাংলাদেশ মিশন শেষ।