বর্তমান চ্যাম্পিয়ন, সর্বশেষ চার মৌসুমে তিনবারের ফাইনালিস্ট।
সুতরাং এই বায়ার্ন মিউনিখকে তো আর গ্রুপ পেরিয়ে নকআউট পর্বে উঠেই উল্লাস করা মানায় না। তার ওপর এ রকম সাদামাটা জয়ের পর তো নয়ই। পরশু রাতে মানজুকিচের একমাত্র গোলে ভিক্টোরিয়া প্লজেনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত হওয়ার পরও তাই টমাস মুলার বললেন, ‘খুব গর্ব করার মতো জয় পাইনি আজ রাতে, যদিও শুধু জয়টাই দরকার ছিল। তবে আজ আমাদের ড্রেসিং রুমে মনে হয় না শ্যাম্পেনের বোতল খোলা হবে।’
পারফরম্যান্স নিয়ে খেলোয়াড় কিংবা কোচের অসন্তুষ্টি থাকতে পারে, তবে প্লজেনকে এক গোলে হারিয়েই একটা দারুণ রেকর্ড ছুঁয়েছে বায়ার্ন। গত মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে টানা ৯টি ম্যাচ জিতল বায়ার্ন। ২০০২-০৩ মৌসুমে টানা ৯ জয় পেয়েছিল বায়ার্ন কোচ পেপ গার্দিওলার সাবেক দল বার্সেলোনা। কিছুটা খুশি তো বায়ার্ন সমর্থকেরা হতেই পারেন!
খুশি ম্যানচেস্টার সিটির সমর্থকেরাও। আলভারো নেগ্রেদোর হ্যাটট্রিক আর সার্জিও আগুয়েরোর জোড়া গোলে সিএসকেএ মস্কোকে ৫-২-এ উড়িয়ে দিয়ে ক্লাব ইতিহাসের প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব পেরিয়েছে সিটি। আগের দুই মৌসুমে প্রথম রাউন্ড থেকেই লজ্জাজনক বিদায়ের পর এবার নকআউট পর্বে উঠতে পারাটাকে প্রাথমিক লক্ষ্যপূরণ হিসেবে মনে করছেন সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিও, ‘এটা প্রথম ধাপ এবং গুরুত্বপূর্ণ ধাপ, যা আমরা গত দুই বছরে পেরোতে পারিনি।’
দুই পরাশক্তির সঙ্গে শেষ ষোলোতে যোগ দেওয়ার অপেক্ষাটা দীর্ঘায়িত হলো নয়বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ও ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের। তুরিনে এর আগের পাঁচটি ম্যাচে জুভেন্টাসের কাছে হারা রিয়াল পরশু পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের গোলে ম্যাচ শেষ করেছে ২-২-এ। আন্ডারলেখটের সঙ্গে ১-১ ড্র করেছে পিএসজি আর রবিন ফন পার্সির পেনাল্টি নষ্ট করার খেসারত দিয়ে সান সেবাস্তিয়ানে ইউনাইটেড গোলশূন্য ড্র করেছে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে।
পিছিয়ে গিয়েও প্রতিপক্ষের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব পাবেন রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। অসাধারণ কয়েকটি সেভে শুধু আরও একবার নিজেকে প্রমাণ করেননি ক্যাসিয়াস, রিয়ালকে বাঁচিয়েছেন নিশ্চিত হার থেকেও। এ জন্য কোচ কার্লো আনচেলত্তিও তাঁর প্রশংসায় পঞ্চমুখ, ‘আমরা ভাগ্যবান এমন অসাধারণ একজন গোলরক্ষককে পেয়ে। প্রথমার্ধে ও বিশ্বমানের দুটি সেভ করেছে।’ কাগজে-কলমে এখনো শেষ ষোলো নিশ্চিত না হলেও এ নিয়ে চিন্তিত নন রিয়াল কোচ। বাকি দুই ম্যাচ থেকে আর একটি পয়েন্ট পেলেই নকআউট পর্বে উঠে যাবে তাঁর দল। আনচেলত্তির কণ্ঠে বরং রিয়ালের জয়রথ থামিয়ে দেওয়া প্রতিপক্ষ জুভেন্টাসের প্রশংসা, ‘ওরা খুবই ভালো দল এবং অনেক প্রতিভাবান খেলোয়াড়ও আছে। আমার মনে হয় শেষ পর্যন্ত এই গ্রুপ থেকে ওরাই নকআউটে আমাদের সঙ্গী হবে।’এএফপি।
এক নজরে ফল
সোসিয়েদাদ ০ : ০ ইউনাইটেড
শাখতার ০ : ০ লেভারকুসেন
কোপেনহেগেন ১ : ০ গ্যালাতাসারাই
জুভেন্টাস ২ : ২ রিয়াল মাদ্রিদ
অলিম্পিয়াকস ১ : ০ বেনফিকা
পিএসজি ১ : ১ আন্ডারলেখট
ম্যান সিটি ৫ : ২ সিএসকেএ মস্কো
প্লজেন ০ : ১ বায়ার্ন