নগদ প্রতিশ্রুতি দেননি নেগ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ১৯৬৯ সালে দুজন মুখোমুখি হয়েছিলেন। বার্সেলোনায় ও মাদ্রিদে দুটি প্রীতি হকি ম্যাচ খেলেছিল তৎকালীন পাকিস্তান হকি দল। স্পেনের হয়ে খেলেছিলেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) বর্তমান সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে। আর তৎকালীন পাকিস্তানের দলে খেলেছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সাদেক। ৪৩ বছর পর কাল আবার দুজনের দেখা অলিম্পিক ভবনে। পুরোনো বন্ধুর কাছে বাংলাদেশের হকির উন্নতির জন্য সহযোগিতা চাইলেন আবদুস সাদেক।শুধু আবদুস সাদেকই নন, হকি-সংশ্লিষ্ট সবার প্রত্যাশা ছিল বাংলাদেশের হকির উন্নতির জন্য অনেক কিছু দেবেন এফআইএইচ সভাপতি। অ্যাস্ট্রো টার্ফ, ফ্লাডলাইট, দীর্ঘমেয়াদি কোচ, অলিম্পিক সলিডারিটি কোর্সের অনুদান, কোচদের ট্রেনিং কোর্স, ঢাকায় আন্তর্জাতিক টুর্নামেন্ট—লম্বা প্রত্যাশা। নিরাশ করেননি এই স্প্যানিয়ার্ড। জানালেন, বাংলাদেশ সবকিছুই পেতে পারে সমঝোতা স্মারক স্বাক্ষরের (এমওইউ) মাধ্যমে, ‘আপনাদের প্রত্যাশার সবকিছুই আমার বিবেচনায় আছে। তবে আমার প্রস্তাব হলো, সব হতে হবে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারকের মাধ্যমে। যত দ্রুত সম্ভব এগুলো করা উচিত। আপাতত আমি কোনো কিছুরই প্রতিশ্রুতি দিচ্ছি না। কারণ এটা আমার প্রথম সফর। আমার মনে হয়, আমাদের দুই পক্ষকে একসঙ্গে বসে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তবে বাংলাদেশের হকির উন্নতির জন্য সবকিছুই করব।’বাংলাদেশকে দীর্ঘমেয়াদি কোচ দিতে এখনই আগ্রহী নন নেগ্রে, ‘ভালো মানের কোচ অনেক ব্যয়বহুল। বিশেষ করে দীর্ঘ মেয়াদের জন্য। তা ছাড়া কোনো বিদেশিকে দিয়ে শুরু করলেও বাকিটা তো নিজেদেরই করতে হবে। তাই আপাতত খণ্ডকালীন কোচই ভালো।’কাল সকালে দুই ভাগ হয়ে প্রীতি ম্যাচ খেলল বাংলাদেশ জাতীয় দল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বসে ম্যাচটি দেখে বাংলাদেশের খেলোয়াড়দের ভালোই লেগেছে নেগ্রের, ‘মাত্র আধা ঘণ্টার খেলায় মূল্যায়ন করা ঠিক না। তবে আমার মনে হয়, অনেক স্কিলড খেলোয়াড় আছে এখানে। আর যেহেতু বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ, অবশ্যই তারা ভালো দল। তবে এসব খেলোয়াড়কে সঠিক পরিচর্যা করতে হবে।’ প্রসঙ্গক্রমে বললেন, ভারত-পাকিস্তান চাইলে ওই দু দেশের প্রীতি ম্যাচ হতে পারে ঢাকায়।আজ দিনব্যাপী হকি ফেডারেশনের ৪০ বছরের পূর্তি অনুষ্ঠান। কিন্তু সকালেই ঢাকা ছাড়বেন নেগ্রে। তবে কাল বিওএ ভবনে সংবাদ সম্মেলন শেষে এ অনুষ্ঠানের অংশ হয়ে চার দশক পূর্তির কেক কেটে গেছেন।