নজর কাড়ল মারজিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের প্রথম দিনে নতুন আবিষ্কার ময়মনসিংহের কিশোরী মারজিয়া আফরিন। ৮০০ মিটার দৌড়ে বিকেএসপির মেয়েদের অনেকটা পেছনে ফেলে প্রথম হয়েছে সে। মারজিয়ার দৌড় দেখে উচ্ছ্বসিত দক্ষিণ এশীয় গেমসে ২০০ মিটারে সোনাজয়ী সাবেক অ্যাথলেট মাহবুব আলম, ‘এই মেয়েটিকে পরিচর্যা করলে সাফে ভালো ফল আসবে অবশ্যই। ওর স্টেপিং, স্টাইল সবই খুব ভালো। বিকেএসপির মেয়েদের ১০-১২ মিটার পেছনে রেখে প্রথম হয়েছে। বাংলাদেশে এমন সম্ভাবনাময় অ্যাথলেট আমি আগে দেখিনি।’ অষ্টম শ্রেণীর ছাত্রী মারিয়ার উচ্চতা ভালো। দুই বোন ও এক ভাই আছে তার। বাবা স্থানীয় বাজারে শাকসবজির ব্যবসা করেন। ‘বড় অ্যাথলেট হতে পারবে?’ এই প্রশ্নে সঙ্গে সঙ্গেই চটপটে উত্তর মারজিয়ার, ‘কেন পারব না। দৌড়াতে আমার খুব ভালো লাগে। আমি বড় একজন অ্যাথলেট হতে চাই।’এ তো গেল একটা ভালো খবর। খারাপ খবরও আছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকের এক কোনায় ২০-২২টি ছোট ছোট গর্ত হয়ে গেছে! আগামী বছর বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে এই স্টেডিয়ামের সংস্কারকাজ চলছে এখন। সেই কাজের পর্যায়ে ট্র্যাকের ওপর ফেলা হয়েছে লোহার বড় বড় পাইপ! তাতেই ওই অবস্থা।ট্র্যাকের দুরবস্থা দেখে সবাই ক্ষুব্ধ। এরই মাঝে হলো দিনের ১৪টি ইভেন্ট, ৭টি জিতেছে বিকেএসপি। বাকি ৭টিতে জয়ী নোয়াখালী, খুলনা, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুড়িগ্রাম ও শেরপুর জেলা। কিশোর বিভাগে ৮০০ মিটার দৌড়ে সোনা জিতেছে নারায়ণগঞ্জের মিলন, বালিকা শটপুটে কুড়িগ্রামের মিনা বেগম, বালক হাইজাম্পে খুলনার শেখ ইবাদ আলী, কিশোরী জ্যাভলিন থ্রোতে কিশোরগঞ্জের সেলিনা, কিশোর লংজাম্পে বিকেএসপির মেজবাহ আহমেদ, কিশোর শটপুটে নোয়াখালীর মোহাম্মদ ইব্রাহিম। বালিকা হাইজাম্পে বিকেএসপির শিরিন আক্তার, কিশোর ২০০ মিটার স্প্রিন্টে বিকেএসপির মেজবাহ আহমেদ, বালিকা ২০০ মিটার স্প্রিন্টে বিকেএসপির পাপিয়া রানী সরকার, বালক ২০০ মিটার স্প্রিন্টে বিকেএসপির ফিরোজ হোসেন, এই ইভেন্টের বালিকা বিভাগে বিকেএসপির জাকিয়া সুলতানা, বালক লংজাম্পে শেরপুরের আলমগীর হোসেন, বালক হাইজাম্পে বিকেএসপির মেজবাহ আহমেদ।