নতুন অভিষেকে বাজিমাত বালোতেল্লির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের নতুন অধ্যায়ের শুরুটা দারুণভাবে করেছেন মারিও বালোতেল্লি। ম্যানচেস্টার সিটি থেকে এসি মিলানে যোগ দেওয়ার পর গতকালই প্রথম নতুন ক্লাবের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন এই ইতালীয় স্ট্রাইকার। আর এসি মিলানের হয়ে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন ‘সুপার মারিও’। তাঁর জোড়া গোলের সুবাদেই গতকাল উদিনেসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে এসি মিলান।উদিনেসের বিপক্ষে প্রথমার্ধের ২৫ মিনিটে প্রথম গোলটি করেন বালোতেল্লি। যার ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তাঁর দল এসি মিলান। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে খেলায় সমতা ফেরান উদিনেসের মিডফিল্ডার জিয়ামপিয়েরো পিনজি। ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে সৌভাগ্যবশত একটি পেনাল্টি পেয়ে যায় এসি মিলান। রেফারির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান উদিনেসের সমর্থকেরা। তাঁদের বিক্ষোভ থেকে রেফারিকে রক্ষা করার জন্য হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। তবে মাঠের খেলায় শেষ মুহূর্তে পাওয়া এই সুযোগটা কাজে লাগাতে কোনো ভুল করেননি বালোতেল্লি। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-১ গোলের জয় এনে দেন এই তরুণ স্ট্রাইকার।২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে কাটানোর পর এবছরের শুরুতে এসি মিলানে পাড়ি জমান মারিও বালোতেল্লি। এসি মিলানের সঙ্গে ২০ মিলিয়নেরও বেশি ইউরোর বিনিময়ে করা এই নতুন চুক্তিটা যে বৃথা যাবে না, সেই ইঙ্গিতটা অভিষেক ম্যাচে ভালোমতোই দিয়েছেন তিনি। এখন ভবিষ্যতেও তিনি এই পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়। রয়টার্স