নতুন অস্ত্রে পুরোনো রাজ্জাক
দুই হাত উঁচিয়ে ভোঁ-দৌড়। কাছেই থাকা মাশরাফির প্রসারিত দুই হাত ছিটকে ছুটে গেলেন মানজারুল ইসলাম রানা স্ট্যান্ডের দিকে। কোনো সতীর্থের বাহুবন্ধন পারছিল না তাঁকে বাঁধতে। আবদুর রাজ্জাক হঠাৎই হয়ে গেলেন যেন ‘টিনো বেস্ট!’চার-পাঁচ উইকেট পেলেন কতবার, হ্যাটট্রিকও করেছেন। কিন্তু রাজ্জাকের এমন বাঁধনহারা উদ্যাপন তো আগে কখনো দেখা যায়নি!রহস্য লুকিয়ে ডেভন টমাসকে বোল্ড করা ওই ডেলিভারিতে। ‘আর্ম বল’ এমনিতেই রাজ্জাকের সবচেয়ে বড় অস্ত্র, কিন্তু টমাসকে বোকা বানানো ওই আর্ম বলটি ছিল একটু নতুন, আরেকটু পরিশীলিত, আরও ভয়ংকর। এমনিতে আর্ম বল মানে একটু জোরের ওপর করা যে বল স্পিন না করে সোজা যায়। সেই বল যদি ডানহাতি ব্যাটসম্যানের জন্য খানিকটা ভেতরে ঢোকে, তাহলে হয়ে ওঠে ভীষণ দুর্বোধ্য। পরশু টমাস যেমন বিশ্বাসই করতে পারছিলেন না। এমন একটা ডেলিভারি আয়ত্ত করার চেষ্টা করছেন বলে গত কিছুদিন বেশ কবার জানিয়েছেন সাকিব আল হাসান। রাজ্জাক দেখা যাচ্ছে নিভৃতে এগিয়ে গেছেন অনেক দূর!নতুন অস্ত্রে শিকার বধের আনন্দে পরশু তাই উদ্বেল ছিলেন রাজ্জাক, ‘অনেক দিন ধরেই আমি এটা নিয়ে কাজ করছি। শুধু সোজাই যাবে না, এটা মাঝেমধ্যে ভেতরেও ঢুকবে। আর্ম বল আমি সব সময়ই করে এসেছি, কিন্তু সত্যি বলতে, বেশির ভাগ সময়ই আসলে হয়ে গেছে। এবার আমি নিজে একটা কিছু চেষ্টা করে করতে পেরেছি, এই আনন্দেই এতটা খুশি হয়েছিলাম।’প্রথম স্পেলের পর পরশু আর দ্বিতীয়বার বল হাতে নেওয়ার সুযোগ হয়নি সতীর্থদের সাফল্যে। তবে ৫ ওভারের প্রথম স্পেলেই নিয়েছিলেন ৩ উইকেট। ৩ উইকেট পেয়েছিলেন প্রথম ম্যাচেও। ২০১০ সালের ডিসেম্বরে দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজের পর এই প্রথম টানা দুই ম্যাচে ৩ উইকেট করে পেলেন। দুই ম্যাচের বোলিং দেখাল অনেকটা বদলে যাওয়া রাজ্জাককে। আরেকটু বেশি ফ্লাইট দিচ্ছেন, বোলিং ক্রিজ আরেকটু বেশি ব্যবহার করছেন। সময়ের দাবি মেনেই নিজেকে বদলে নিচ্ছেন রাজ্জাক, ‘ফ্লাইট একটু বেশি দিচ্ছি, যাতে ড্রিফট বেশি পাওয়া যায়। নতুন ডেলিভারিটা তো আছেই। এশিয়া কাপ থেকেই আসলে এসব শুরু করেছি, তবে উইকেট তখন খুব বেশি পাইনি (তবু ৪ ম্যাচে ছিল ৬ উইকেট)। এবার জাতীয় লিগে তো এভাবে বোলিং করেই এত সফল হলাম (৫ ম্যাচে ৪৩ উইকেট)। এই সিরিজেও পাচ্ছি উইকেট।’তিরিশ পেরিয়ে, আন্তর্জাতিক আঙিনায় ৮ বছর কাটিয়েও নিজেকে ভাঙাগড়ার চেষ্টা। অনুপ্রেরণার উৎস তাঁর জীবনদর্শন, ‘আমি সব সময় সেরা হতে চেয়েছি। একসময় বলতাম, যদি গুন্ডা-মস্তান হই, সেরা মস্তান হব। স্পিনার হয়েছি, এখানেও সেরা হতে চাই। এ জন্যই সময়ের সঙ্গে এগিয়ে চলার চেষ্টা। ওয়ানডেতে দেশের সর্বোচ্চ উইকেটশিকারি (১৯১) আমি, এটাও বাড়তি তৃপ্তি দেয়।’ তবে ‘সেরার’ সম্মান কম সময়ই পেয়েছেন রাজ্জাক। ওয়ানডেতে দেশের সর্বোচ্চ উইকেটই শুধু নয়, সবচেয়ে বেশিবার ৪ (পাঁচবার, মাশরাফির সঙ্গে যৌথভাবে) ও ৫ উইকেটও (তিনবার) তাঁর। দলের জয়ে সবচেয়ে বেশি উইকেট (১২০), বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের স্বাদ (৫৬), হ্যাটট্রিক, গর্ব করার মতো কত কত কীর্তি! কিন্তু পাদপ্রদীপের আলো কখনোই খুব বেশি স্পর্শ করেনি, বরাবরই আড়ালের নায়ক। এই সিরিজই টাটকা উদাহরণ। দুই ম্যাচেই পেয়েছেন তিনটি করে উইকেট। কিন্তু প্রথম ম্যাচে আড়াল হয়েছেন সোহাগ-তামিমদের ঔজ্জ্বল্যে, পরের ম্যাচে এনামুল-মুশফিকে।দেশের সফলতম ওয়ানডে বোলারের কণ্ঠে একটু যেন আক্ষেপও ঝরল এটা নিয়ে, ‘দেশের হয়ে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট পেয়েছিলাম, প্রথম বোলার হিসেবে দেড় শ উইকেট। কিন্তু খুব বেশি আলোচনা হয়নি, মিডিয়ার মনোযোগ পাইনি। একসময় খারাপ লাগত। তবে এখন আর লাগে না, মেনে নিয়েছি। হয়তো ২০০ উইকেট হয়ে যাবে, কেউ জানবেও না। শুধু পরিসংখ্যানে থেকে যাবে। সমস্যা নেই। আমি দলকে জেতাতে পারলেই খুশি।’সেই ‘খুশি’ এখন নিয়মিতই পাচ্ছেন রাজ্জাক। হামাগুড়ি ছেড়ে বাংলাদেশ এখন হাঁটতে শুরু করেছে শক্ত পায়ে। বাংলাদেশের ক্রিকেটের এই অধ্যায়টা দারুণ উপভোগ করছেন পুরোনো সেনানী, ‘আমার অভিষেকের সময়টায় টিম মিটিংয়ে আলোচনা হতো ভালো খেলা নিয়ে। আগে ব্যাট করলে অন্তত ২০০ রান করা, প্রতিপক্ষকে অন্তত ৪০-৪৫ ওভারের আগে জিততে না দেওয়া। আমার অবাক লাগত, মাঠে নামলে তো জয়ের জন্যই নামা উচিত! তখন অবশ্য উপায়ও ছিল না। এখন আমরা বড় দলগুলোর সঙ্গে নিয়মিত জিতছি। মানসিকতাই বদলে গেছে। অনেক বোদ্ধা বলে আমরা নাকি উন্নতি করছি না। এই যে ধারাবাহিক জয়, সাকিবকে ছাড়া নতুনদের নিয়ে জিতছি, এসব কি উন্নতি নয়?’উন্নতিটা ফুটে উঠল রাজ্জাকের আরেকটা কথায়, ‘এখন আমরা জিতলেও মাঠে ছুটে-টুটে যাই না। এটা কিন্তু পরিকল্পনা করে করিনি, এমনিই হয়ে গেছে। কাল (পরশু) বড় ব্যবধানে জিতেও আলাদা কিছু মনে হয়নি। পরে এত কথা, এত মাতামাতি শুনে মনে হচ্ছে বড় কিছু মনে হয় করেছি আমরা।’ওয়েস্ট ইন্ডিজকে ১৬০ রানে হারিয়েও ‘আলাদা’ কিছু মনে হয় না, বাংলাদেশ তো সত্যিই এগিয়ে যাচ্ছে। আর নতুন অস্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছেন ‘পুরোনো’ রাজ্জাক!প্রথম ম্যাচ১০-১-৩৯-৩দ্বিতীয় ম্যাচ৫-০-১৯-৩