নতুন আইনে আফ্রিদির অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে রুদ্রমূর্তিকে মনে হচ্ছিল কেবলই অতীত সুখস্মৃতি। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের এপিটাফ লিখেও ফেলেছিলেন অনেকে। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে শহীদ আফ্রিদি ফিরেছেন দোর্দণ্ড প্রতাপে। প্রথম ওয়ানডেতে ১৬ বলে ৩৪, তৃতীয় ম্যাচে ৪৮ বলে ৮৮—দক্ষিণ আফ্রিকা সিরিজে দেখা গেছে যেন সেই পুরোনো আফ্রিদিকে। এই অলরাউন্ডার অবশ্য তবু সন্তুষ্ট নন। বোলিংটা নিয়ে যে ভুগতে হচ্ছে এখনো! আফ্রিদি অবশ্য মনে করেন, এতে তাঁর চেয়ে বেশি দায় চার ফিল্ডার বাইরে রাখার নতুন নিয়মের। রয়টার্স।১৩ মাস পর ওয়ানডে ফিফটির দেখা পাওয়া আফ্রিদি বেশি কথা বলেছেন বোলিং নিয়েই, ‘ব্যাট হাতে লম্বা সময় ধরে ভুগতে হয়েছে, তবে খারাপ সময় সবারই আসে। স্রেফ আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রয়োজন ছিল। বোলিং ফর্মটাও ফিরে পেতে চাই। নতুন নিয়মে বোলিং করাটা সহজ হচ্ছে না। শুধু আমি নই, সব স্পিনারকেই ভুগতে হচ্ছে। একে তো দুটি নতুন বল, তার ওপর আবার মাত্র চারজন ফিল্ডার বাইরে। স্পিনারদের জীবন কঠিন হয়ে উঠেছে।’ তবে অভিযোগ করে তো লাভ নেই। বাস্তবতার সঙ্গে তাই মানিয়ে নেওয়ার চেষ্টাও করছেন, ‘বোলিং কোচের সঙ্গে কাজ করছি নতুন নিয়মে মানিয়ে নেওয়ার জন্য। নতুন কৌশল নিয়ে কাজ করছি। আমাদের মূল স্পিনার সাঈদ আজমলের সঙ্গেও কথা বলছি।’