নতুন আলোয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনের শুরুতে একবার কথা বলেছেন গাজী আশরাফ হোসেন। বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান পরে আরেকবার মাইক্রোফোন নিয়ে শোনালেন আক্ষেপের কথা, ‘টক শোতে, বিভিন্ন আলোচনায় অনেকেই বলেন, বয়সভিত্তিক ক্রিকেটে আমরা জোর দিই না। অনেকেই জানে না, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ে দীর্ঘ পরিসরের ক্রিকেট শুরু করেছি আমরা অনেক আগেই।’এবারের ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতাকে তাই প্রচারের আলোয় আনতে চায় বিসিবি। উইকেট, ড্রেসিংরুম, ফিজিও-ট্রেনার, হোটেলের মান সব মিলিয়ে সম্ভব সেরা সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন আশরাফ। তিন দিনের ম্যাচের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী পরশু। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০টি দল। ‘এ’ গ্রুপে ঢাকা দক্ষিণ, ঢাকা মহানগর, খুলনা, রংপুর ও চট্টগ্রাম। ‘বি’ গ্রুপে ঢাকা উত্তর, রাজশাহী, সিলেট, বরিশাল ও বিকেএসপি। দুই গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। খেলা হবে পাঁচটি ভেন্যুতে—রাজশাহী, রংপুর, বগুড়ার সঙ্গে দিনাজপুরের জেলা স্টেডিয়াম ও বড় ময়দান মাঠ। সব কটির জেলার অংশগ্রহণে প্রাথমিক পর্বে হয়েছে ৫০ ওভারের ম্যাচ। ওই টুর্নামেন্ট দেখে বিসিবির স্কাউটরা প্রতি বিভাগ থেকে প্রাথমিকভাবে বাছাই করেছিলেন ৩৫-৪০ জন ক্রিকেটার। বিভাগীয় ও জেলা কোচদের অধীনে চার দিনের আবাসিক ক্যাম্পের পর প্রতি বিভাগ থেকে ১৮ জন বাছাই করা হয়। দুই সপ্তাহের আরেকটি ক্যাম্পের পর চূড়ান্ত হয়েছে ১৫ জনের দল। এই টুর্নামেন্ট নিয়ে বিসিবির দীর্ঘমেয়াদি পরিকল্পনাও আছে। ৩০ জনকে বাছাই করে গড়ে তোলা হবে ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য। টুর্নামেন্ট চলাকালে তরুণ ক্রিকেটারদের উৎসাহ ও পরামর্শ দেওয়ার জন্য চুক্তিবদ্ধ প্রথম শ্রেণীর ক্রিকেটারদের অনেককে বিভিন্ন ভেন্যুতে পাঠাবে বোর্ড। গাজী আশরাফের প্রতিশ্রুতি, ‘দেশের ক্রিকেট যেমন অন্য স্তরে পৌঁছে যাচ্ছে, এই টুর্নামেন্টকেও অন্য স্তরে নিতে চাই আমরা।’এ সংবাদ সম্মেলনেই গত বছর জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বরগুনা জেলা স্কুলের প্রতিনিধিদের হাতে ক্রিকেট উন্নয়নের জন্য প্রতিশ্রুত ১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।