নতুন আশা নিয়ে ফিরল দাবা দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্তাম্বুলে দাবা অলিম্পিয়াড শেষে কাল ঢাকা ফিরেছে বাংলাদেশ দাবা দল। ফেডারেশনের নতুন কমিটি দূরত্ব ভুলে এবার পাঁচ গ্র্যান্ডমাস্টারকেই অলিম্পিয়াডে পাঠাতে পেরেছে। তারই ফল—১৫৮টি দেশের মধ্যে বাংলাদেশ পুরুষ দল দেশের ইতিহাসে এবার সবচেয়ে ভালো ফল করে দাবা অলিম্পিয়াডে হয়েছে ৩৩তম (আগের সেরা ফল ৩৪তম)। ঢাকা এসে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ বললেন, ‘আমাদের শুরুটা ছিল নড়বড়ে। অনেক দিন অনুশীলনে না থাকায় এটা হয়েছে। তবে শেষের দিকে আমরা ভালো করেছি। আমি আর্মেনিয়া ও বেলারুশের বিপক্ষে ভালো অবস্থানে থেকেও জিততে পারিনি, আমার নিজের কাছেই তা অবিশ্বাস্য। যা-ই হোক, শেষটা ভালো হওয়ায় আমি খুশি।’ আরেকটু উঁচু সিঁড়িতে পা রাখতে হলে দাবার এখন কী করা প্রয়োজন? নিয়াজের কথা, ‘এই দলটা খেলার মধ্যে থাকলে সামনে আরও ভালো করবে। এখন এই খেলোয়াড়দের জন্য বৃত্তিজাতীয় কিছু চালু করা উচিত। নইলে পেশাদারি আসবে না। আর বয়সভিত্তিক দাবায় জোর দিতে বলব ফেডারেশনকে।’