
‘ওয়ান বুলেট ইজ অল। ইট টেকস টু মেক এ নেশন প্রাউড।’ গুলশানে শুটিং স্পোর্ট ফেডারেশনের প্রতিটি ফ্লোরে ডিজিটাল ব্যানারে লেখা এমন কথা। ফেডারেশনের চকচকে করিডর দাঁপিয়ে বেড়াচ্ছেন একদল তরুণ-তরুণী। হামিদুর রহমান জাতীয় যুব শুটিং ঘিরে একটা উৎসব উৎসব ভাব।
কাল প্রথম দিনে সব আলো কেড়ে নিলেন বিকেএসপির তরুণ শুটার পিয়াস হোসেন। ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের শুট অফে ১৮১ পয়েন্ট স্কোর করে সোনা জেতেন পাবনার শুটার। সেনাবাহিনী শুটিং অ্যাসোসিয়েশনের রহিম মিয়া ১৮০ পয়েন্ট পেয়ে রুপা জিতেছেন। ব্রোঞ্জজয়ী পাবনা রাইফেল ক্লাবের কাওসার ইসলামের পয়েন্ট ১৫৯।
সেই ১৯৯০ সালে অকল্যান্ড কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছিলেন আতিকুর রহমান ও আবদুস সাত্তার নিনি। মাঝে এই ইভেন্ট যেন হারিয়েই যেতে বসেছিল। তবে গত বছর এসএ গেমসে শুটিংয়ে সোনা আসে এয়ার পিস্তল ইভেন্টেই। সোনাজয়ী শুটার শাকিল আহমেদ এখন তরুণদের কাছে বড় এক অনুপ্রেরণা। বয়স একটু বেশি হওয়ায় যুব শুটিংয়ে অংশ নিচ্ছেন না সেনাবাহিনীর এই শুটার, কিন্তু বেশির ভাগ শুটারেরই আদর্শ ‘শাকিল ভাই’। সোনা জয়ের পর পিয়াসের মুখেও একই কথা, ‘দেশের মধ্যে শাকিল ভাইকেই আমি অনুসরণ করি। বাবা আমাকে এয়ার রাইফেল ইভেন্ট নেওয়ার পরামর্শ দিলেও বিকেএসপিতে এসে পিস্তল ইভেন্ট বেছে নিই।’
গত বছর আয়োজিত প্রথম যুব শুটিংয়ে অংশ নিয়েছিল ২০টি ক্লাব, এবার অংশ নিচ্ছে ২৬টি ক্লাব। আশার কথা, তরুণদের একটা বড় অংশ শুটিংয়ে আগ্রহী হচ্ছে। আর এরা বেছে নিচ্ছে এয়ার পিস্তল ইভেন্ট, যা দেখে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ বলেছেন, ‘আগে আমরা এয়ার রাইফেলের মধ্যে সীমাবদ্ধ ছিলাম। এখন পিস্তল শুটিং ফিরিয়ে আনার চেষ্টা করছি। গত মাসে পিস্তলের হাইপারফরম্যান্সের জন্য একজন কোচ এনেছি। এই ইভেন্ট নিয়ে আমরা আশাবাদী।’
২০১৮ যুব অলিম্পিক গেমস সামনে রেখে চলছে শুটারদের প্রস্তুতি। ক্যাম্পে রয়েছেন সোনাজয়ী শুটার পিয়াসও। ছোটবেলায় বাবা আলমগীর হোসেনের রাইফেল দিয়ে পাখি শিকার করে বেড়াতেন পিয়াস। ছেলের আগ্রহ দেখেই বিকেএসপিতে ভর্তি করে দেন বাবা। সেই পিয়াসই কাল ক্যারিয়ারের প্রথম সোনা জিতে বললেন তাঁর স্বপ্নের কথা, ‘একদিন শাকিল ভাইকে টপকে যেতে চাই। শুধু এসএ গেমসে নয়, এশীয় পর্যায়েও সোনা জয়ের স্বপ্ন দেখি।’