নতুন আশায় আবাহনী
মাঠে তো আনন্দ উৎসব হয়েছেই, ক্লাবে ফিরেও উৎসবে ভেসেছে আবাহনী। রাতেই কর্মকর্তারা খেলোয়াড়দের মিষ্টিমুখ করিয়েছেন। মিষ্টি খাওয়ার যেন ধুম পড়েছে ক্লাবে।কোটি টাকার সুপার কাপ জয়ই মূল কারণ নয়, মৌসুমে আরও দুটি টুর্নামেন্ট জয়ও আছে। আসামের বরদুলই কাপ, তারপর ফেডারেশন কাপ—মৌসুমে কাগজ-কলমে তৃতীয় সেরা দলই ঘরে তুলল ঘরোয়া দুটি এবং দেশের বাইরের একটি শিরোপা! মাঠে খেলোয়াড়েরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। ক্লাবও খেলোয়াড়দের উপহার দিতে কার্পণ্য করছে না। কোটি টাকা থেকে ২৫ লাখ, ক্লাবের অন্যতম পরিচালক কাজী নাবিল আহমেদ ব্যক্তিগতভাবে ৫ লাখ, সমর্থক গোষ্ঠীর সভাপতি নিজামউদ্দিন আহমেদ ১ লাখ এবং ‘ফোকলা ভাই’ নামে পরিচিত ক্লাবের পরিচালক মমিনউদ্দিন ৫০ হাজার টাকা বোনাস দিচ্ছেন। কাল সুপার কাপজয়ী দলকে নিয়ে করা হলো ইফতার। ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ কাজী শাহেদ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনন্দময় একটা বিকেল কাটালেন গর্বিত খেলোয়াড়েরা। অধিনায়ক প্রাণতোষ দাস ভীষণ খুশি, ‘সুপার কাপ জেতার পর ক্লাব এত খুুশি হবে, কল্পনাও করিনি। ক্যারিয়ারে এবারই প্রথম কোনো দলের অধিনায়কত্বও করলাম। আজকের (কাল) দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’তা থাকারই কথা। কেননা, শেখ রাসেল তো ছিলই, এ মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আগমন আবাহনীকে চিন্তায় না ফেলে পারেনি। কিন্তু মৌসুম শেষে দেখা যাচ্ছে, ‘বড় ভাই’য়ের জনপ্রিয়তায় ভাগ বসাতে পারেনি ‘ছোট দুই ভাই’। ক্লাবে এখন স্বস্তির সুবাতাস। আবাহনী নামটাই দলের প্রেরণা। অন্য সব দলের চেয়ে আবাহনীর দলীয় ব্যবস্থাপনা ভালো হওয়ায় এই সাফল্য বলছেন সবাই। বিদায়ী মৌসুমে অনেক তারকা খেলোয়াড় দল ছাড়লেও পেছন ফিরে তাকাতে হয়নি আবাহনীকে। বিদায়ী ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমিরও অবদান আছে এতে। শোনা যাচ্ছে, নতুন মৌসুমেও আবাহনী বিদেশি কোচের কথা ভাবছে। নতুন মৌসুমের জন্য ভালো একটা দলও গড়ে ফেলেছেন কর্মকর্তারা। সুজন, এনামুল, জাহিদরা শেখ জামাল থেকে আসছেন, সঙ্গে বর্তমান দলের মূল খেলোয়াড়েরা তো আছেনই। আবাহনীর জন্য আরও সাফল্য হয়তো অপেক্ষা করছে নতুন মৌসুমে।আবাহনীর সাফল্যের রহস্যটা কী? দলের দীর্ঘ দিনের সুখ-দুঃখের সঙ্গী কোচ অমলেশ সেন বলছেন, ‘দলীয় শৃঙ্খলা এবং মাঠে জ্বলে ওঠার তাড়নাই আবাহনীর সাফল্যের মূল কারণ।’ওদিকে মোহামেডান ক্লাবে শুধু আক্ষেপ। কাল বিকেলে ক্লাবে গিয়ে দেখা গেল, সুপার কাপের রানার্সআপ ট্রফিটা অরক্ষিত পড়ে আছে এক কর্মকর্তার টেবিলে। সেটির সামনে বসে কোচ শফিকুল ইসলাম মানিক আগের বিকেলের পরাজয়টা যেন ভুলতেই পারছিলেন না, ‘গোলরক্ষক আল হাসানের লাল কার্ডই আমাদের কাল হয়েছে। এত কাছে গিয়েও পারলাম না, খারাপ লাগছে।’