
একপাশে একদল বুড়ো। অন্যপাশে উদ্দাম, উচ্ছল, টগবগে একঝাঁক তরুণ। এ পৃথিবী তরুণদের, এখানে তারুণ্যেরই জয়গান গাওয়া হয়। প্রাণশক্তিতে ভরপুর চনমনে তরুণদের সঙ্গে কি আর বুড়োরা জিততে পারে?
ইতালি দেখাল যে তারা পারে। পিরলো-কিয়েলিনি-বারজাল্লি-ডি রসিদের চেহারাতেই শুধু বয়সের ছাপ পড়েছে, মাঠের খেলায় নয়। আর তাই সেই বয়সী খেলোয়াড়দের সামনে পড়ে আত্মসমর্পণ করতে হলো ইংল্যান্ডের তরুণ দলটাকেও। মানাউসের আমাজোনিয়া অ্যারেনায় দুর্দান্ত এক লড়াই শেষে ২-১ গোলে শেষ হাসিটা ইতালির বুড়োদের মুখে।
তবে অন্য যেকোনো হারের চেয়ে এ হারটা অনেক বেশি সহনীয় হওয়ার কথা ইংলিশ সমর্থকদের কাছে। ব্রিটিশ সংবাদমাধ্যমে নিজেদের দল নিয়ে অতিরঞ্জন যেকোনো বড় আসরেই প্রত্যাশার পারদটা অনেক চড়িয়ে দেয় । তবে গত কয়েকটি আসরে খুব সাধারণ মানের ফুটবল খেলে শেষ পর্যন্ত বিরক্তি ছাড়া আর কিছু উপহার দেয়নি ইংল্যান্ড। পরশু মানাউসে সেই ইংল্যান্ডই একেবারে অন্য রূপে।
তারুণ্যে আস্থা রেখে একটা বদলের আভাস দিয়েছিলেন কোচ রয় হজসন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ইংল্যান্ড দেখাল আসলেই বদলে গেছে তারা। ড্যানিয়েল স্টারিজ, রাহিম স্টার্লিং আর রস বার্কলিরা গতিময় ফুটবল উপহার দিয়ে মুগ্ধ করেছেন। শুধু ফলটাই ওদের পক্ষে যায়নি।
আমাজোনিয়ায় পঞ্চম মিনিটে প্রথম সুযোগটি পেয়েছিল ইংল্যান্ডই। কিন্তু রাহিম স্টার্লিংয়ের জোরালো শট গোলপোস্ট ঘেঁষে চলে যায় বাইরে । পরের মিনিটে জর্ডান হেন্ডারসনের দারুণ একটি চেষ্টা ব্যর্থ করে দেন ইতালির গোলরক্ষক সালভাতোর সিরিগু। চোটগ্রস্ত জিয়ানলুইজি বুফনের অনুপস্থিতি খুব একটা বুঝতে দেননি পিএসজির এই গোলরক্ষক। তবে এত আক্রমণের পরও প্রথম গোলটা পায় ইতালিই।
৩৫ মিনিটে কর্নার কিক থেকে আসা বল মার্কো ভেরাত্তি দিলেন পিরলোকে। কিন্তু পিরলো দারুণ ডামি করে ছেড়ে দিলেন পেছনে থাকা ক্লদিও মার্কিসিওকে। তাঁর জোরালো শট ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি ইংল্যান্ড গোলরক্ষক জো হার্ট। শুধু এই ডামি নয়, ম্যাচজুড়েই অসাধারণ খেলেছেন পিরলো। ম্যাচের শেষ মুহূর্তে ইতালির ‘আর্কিটেক্টে’র একটা ফ্রি-কিক প্রতিহত হয়েছে ক্রসবারে।
সমতা ফেরাতে সময় নেয়নি ইংল্যান্ডও। ৩৭ মিনিটে ওয়েইন রুনির বাড়িয়ে দেওয়া ক্রসে ড্যানিয়েল স্টারিজের হাফভলি শট ঠাঁই নেয় ইতালির জালে। সেই আনন্দ উদ্যাপন করতে গিয়ে চোট পেয়ে বিশ্বকাপই শেষ হয়ে গেছে ইংল্যান্ডের ফিজিও গেরি লিউইনের।
আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হয়নি ইংল্যান্ডের। ৫০ মিনিটে আন্তোনিও কানদ্রেভার ক্রসে দুর্দান্ত এক হেডে দলকে আবার এগিয়ে দেন ইতালির ‘ব্যাডবয়’ মারিও বালোতেল্লি।বাকি সময় অনেক চেষ্টা করেও গোলটা আর শোধ করতে পারেনি ইংলিশরা।
বিশ্বকাপের আগে খুব বেশি মাতামাতি হয়নি ইতালিকে নিয়ে। কিন্তু সময়মতো জ্বলে ওঠার ঐতিহ্য দীর্ঘদিনের। এবারও মৃত্যুকূপ থেকে প্রথম ম্যাচেই দারুণ জয় নিয়ে যেন আরও একবার সেটাই প্রমাণ করল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম বাধাটা সফলভাবে পেরিয়ে যাওয়ায় আনন্দ থাকলেও ইতালির কোচ সিজারে প্রানদেল্লি কিন্তু প্রতিপক্ষকেও ভাসিয়েছেন অকুণ্ঠ প্রশংসায়, ‘আমি খুবই সন্তুষ্ট কারণ জয়টা ইংল্যান্ডের বিপক্ষে। ওরা দুর্দান্ত দল, আর সে কারণেই এটা আমাদের জন্য খুব কঠিন একটা ম্যাচ ছিল।’
দারুণ খেলেও হেরে যাওয়ার হতাশা তো আছেই। তবে ছাত্রদের পারফরম্যান্সের কারণেই পরের ম্যাচগুলো নিয়ে আশাবাদী থাকছেন ইংলিশ কোচ, ‘ফলটা খুব হতাশাজনক। আর হেরে যাওয়ার পর ইতিবাচক কিছু খোঁজারও কোনো কারণ থাকতে পারে না। তবে আমার মনে হয় আমরা মাঠে দারুণ খেলেছি।’