নতুন ইতিহাস না পুনরাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগের সিরিজটার ছায়াই কি পড়ল এই সিরিজে! ১-১ সমতা নিয়ে কেপটাউনে শেষ টেস্ট খেলতে নেমেছিল দুই দলই। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ছিল ভারতের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ না হারার গর্ব ধরে রাখা, ভারতের সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি। সফল হয়েছিল গ্রায়েম স্মিথের দক্ষিণ আফ্রিকা, পারেনি রাহুল দ্রাবিড়ের ভারত। মহেন্দ্র সিং ধোনির ভারত পারবে?ভারতের জন্য এবার জয় পাওয়াটা বেশি জরুরি। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয়ের ইতিহাস গড়ার পাশাপাশি নিজেদের প্রমাণের দায়ও আছে। সিরিজ জিততে না পারলে যে ভারতের এক নম্বর নিয়ে সংশয়বাদীরা আরেকটা ভালো অস্ত্র পেয়ে যাবে! মহা গুরুত্বপূর্ণ এই টেস্টের আগে ধোনিদের দারুণ এক সুখবর শুনিয়েছেন ইভান ফ্লিন্ট। নিউল্যান্ডস স্টেডিয়ামের কিউরেটর জানিয়েছেন, উইকেট হবে ব্যাটিং-বান্ধব যেখানে ম্যাচের শেষ দিকে ভূমিকা রাখতে পারেন স্পিনাররা। ওয়ান্ডারার্স-ডারবানে অনেকটা হাঁসফাঁস করার পর এবার তাহলে পাখা মেলার সুযোগ পাবে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ।নিউল্যান্ডসের উইকেট অবশ্য বরাবরই ব্যাটিং-বান্ধব। এই মাঠের ইনিংসপ্রতি গড় রান (৩৩৮.২) গোটা দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ। তবে ইতিহাস গড়ার ম্যাচে দক্ষিণ আফ্রিকা ছাড়াও ভারতের প্রতিপক্ষ ইতিহাস। ইতিহাসই আবার বড় অনুপ্রেরণা দক্ষিণ আফ্রিকার জন্য। বর্ণবাদের বেড়াজাল কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এক অস্ট্রেলিয়া ছাড়া এই মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি কেউ। ২১ ম্যাচে ১৪টিই জিতেছে, হার কেবল ৩টি। ভারতের বিপক্ষে ৩ টেস্টের দুটিতে জয়, একমাত্র ড্রটি ১৯৯৩ সালে। ১৯৯৭ সালে কেপটাউন টেস্ট জিতেই সিরিজ জয় নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ সিরিজে প্রথম ইনিংসে ভারতের চেয়ে ৪১ রানে পিছিয়ে থেকেও ৫ উইকেটে জিতে সিরিজ জিতে নিয়েছিল। এবার ইতিহাসের পুনরাবৃত্তিই চাইবে স্বাগতিকেরা।তবে পরিসংখ্যান তো আর ম্যাচ জেতায় না। নিজেদের শীর্ষস্থান নিষ্কলুষ প্রমাণে মরিয়া ভারতকে যে ভালো খেলেই হারাতে হবে, এটা জানেন স্মিথও। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তাই খুব সতর্ক, ‘ভারতের দলটা অনেক অভিজ্ঞ। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের পরও আমরা জানতাম ওদের ফিরে আসার সামর্থ্য আছে এবং সেটা ওরা প্রমাণ করেছে। কেপটাউন টেস্টটা তাই হতে যাচ্ছে দারুণ গুরুত্বপূর্ণ। কেপটাউনে বর্ষশুরু টেস্ট খেলাটা সব সময়ই বিশেষ কিছু, সিরিজের পরিস্থিতি মিলিয়ে এবার আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।’ ডারবানের একাদশ নিয়েই কেপটাউনে খেলতে পারে স্বাগতিকেরা। রান-খরায় থাকা অ্যাশওয়েল প্রিন্সকে বসিয়ে জেপি ডুমিনিকে খেলানোর একটা সম্ভাবনা আছে, তবে অভিজ্ঞতার কারণেই হয়তো আরেকটা সুযোগ পাবেন প্রিন্স।দারুণ এক জয়ের তরতাজা আত্মবিশ্বাসের সঙ্গে কেপটাউনে ভারত ফিরে পাচ্ছে গৌতম গম্ভীরকেও। ম্যাচের আগের দিন পাওয়া চোটে ডারবানে খেলতে পারেননি বাঁহাতি ওপেনার। গম্ভীরের ফেরা ব্যাটিং উইকেটে ভারতের জন্য বড় এক পাওয়া। তবে ব্যাটিং উইকেট বলেই গুরুত্ব বেড়ে যাচ্ছে বোলারদের। হয়তো একটি-দুটি অসাধারণ স্পেলই গড়ে দেবে ম্যাচের ভাগ্য। স্টেইন-মরকেলের এই সামর্থ্য যেমন আছে, তেমনই আছে জহির-হরভজনদেরও। সব মিলিয়ে প্রস্তুত রোমাঞ্চকর এক লড়াইয়ের মঞ্চ। ওয়েবসাইট।