নতুন উচ্চতায় জ্যাক ক্যালিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে কেপটাউন টেস্টের প্রথম দিনে নিজেকে নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস। প্রথম প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে তিনি স্পর্শ করেছেন ১৩ হাজার রানের মাইলফলক। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় তিনি এখন আছেন চতুর্থ স্থানে। সামনে আছেন রিকি পন্টিং, রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকার।নিউজিল্যান্ডের বিপক্ষে কেপটাউন টেস্টে জ্যাক ক্যালিস মাঠে নেমেছিলেন ১২ হাজার ৯৮০ রান নিয়ে। মাত্র ২০ রান সংগ্রহ করেই তিনি স্পর্শ করে ফেলেন ১৩ হাজার রানের মাইলফলক। পরে ৬০ রানের চমত্কার এক ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এর ফলে এখন তাঁর ঝুলিতে জমা হয়েছে ১৩ হাজার ৪০ রান। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ১৫ হাজার ৬৪৫ রান সংগ্রহ করে নিজেকে প্রায় অলঙ্ঘনীয় এক উচ্চতায় নিয়ে গেছেন শচীন টেন্ডুলকার। এখনো খেলে যাচ্ছেন এমন ব্যাটসম্যান হিসেবে তাঁর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছেন জ্যাক ক্যালিস। তবে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান শচীনকে টপকে যেতে পারবেন কি না, সেটা এখনো বলা না গেলেও দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা পন্টিং ও দ্রাবিড়কে যে সহজেই পেছনে ফেলতে পারবেন, সেটা অনুমান করাই যায়। তৃতীয় স্থানে থাকা দ্রাবিড়ের সংগ্রহ ১৩ হাজার ২৮৮ রান। তাঁকে ছুঁয়ে ফেলতে আর মাত্র ২৪৮ রান দরকার ক্যালিসের। আর দ্বিতীয় স্থানে থাকা পন্টিংয়ের সঙ্গে ক্যালিসের দূরত্ব ৩৩৮ রানের। ব্যাট হাতে যেমন ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেন, তাতে দ্রাবিড় ও পন্টিংকে ছাড়িয়ে যেতে হয়তো খুব বেশি বেগ পেতে হবে না এ সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।— রয়টার্স