নতুন উচ্চতায় শচীন টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ শিরোপা আর অস্ট্রেলিয়া যেন প্রায় সমার্থক শব্দ হয়েই ছিল বিগত এক যুগ ধরে। ১৯৯৯ থেকে ২০০৭ টানা তিনটি শিরোপাই উঠেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের হাতে। গতকাল ভারতের কাছে পাঁচ উইকেটে হেরে অবসান ঘটেছে অস্ট্রেলিয়ান যুগের। রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়েই শেষ হয়েছে বিশ্বকাপে অস্ট্রেলিয়ান আধিপত্য। যুবরাজ সিংয়ের একটি বাউন্ডারি আটকাতে গিয়ে কপাল কেটে রক্ত ঝরিয়েছেন ব্রেট লি। যুবরাজ সিংয়ের অলরাউন্ড পারফরমেন্সের কাছে ম্লান হয়ে গেছে অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের অধিনায়কোচিত ১০৪ রানের ইনিংসটিও। বল হাতে দুটি উইকেট, ব্যাট হাতে হার না মানা ৫৭ রান। ম্যাচ-সেরার পুরস্কারটা অবধারিতভাবেই উঠেছে এ বাঁ-হাতি অলরাউন্ডারের হাতে।তবে দিনটা কিন্তু শুধু যুবরাজেরই না। ভারতের ব্যাটিং বিস্ময় শচীন টেন্ডুলকার নিজেকে নিয়ে গেছেন আরও দুর্গম উচ্চতায়। একদিনের ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেছেন ১৮ হাজার রানের মাইলফলক। গতকাল অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া ২৬১ রানের লক্ষ্য নিয়ে টেন্ডুলকার যখন ব্যাট হাতে মাঠে নামছিলেন, তখন তাঁর সামনে ছিল বেশ কয়েকটি রেকর্ডের হাতছানি। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে শতকের শতক পূর্ণ করা ও একদিনের ক্রিকেটে ১৮ হাজার রানের নতুন ক্লাব খোলা। লক্ষ্য পূরণে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন লিটল মাস্টার। ৪৫ রান করে প্রথমে স্পর্শ করলেন ১৮ হাজার রানের মাইলফলক। কিছুক্ষণ পর করলেন একদিনের ক্রিকেটে নিজের ৯৪তম অর্ধশতক। শতকের শতকটাও পূর্ণ হয়ে যাবে, এমন আশাতেই ছিলেন শচীন ভক্তরা। কিন্তু বাধ সাধলেন শন টেইট। ৫৩ রানের মাথায় উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করলেন টেন্ডুলকারকে। আরও কয়েক দিনের জন্য ভক্তদের অপেক্ষায় রেখে হাঁটা শুরু করলেন সাজঘরের দিকে। তবে শতকের শতক পূর্ণ করতে না পারলেও গতকাল ৫৩ রানের ইনিংসটি খেলে এই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের স্থানটি কিছুকালের জন্য হলেও নিজের দখলে নিয়ে এসেছেন শচীন টেন্ডুলকার।