নতুন উদ্দীপনায় জাতীয় আরচারি
আগে জাতীয় আরচারিতে খেলানোর জন্য প্রতিযোগী খুঁজতেন সংগঠকেরা। কিন্তু এবার আরচাররা এগিয়ে এসেছেন সাগ্রহেই। তাই আজ আর্মি স্টেডিয়ামে শুরু তিন দিনের চতুর্থ জাতীয় আরচারিতে প্রতিযোগীর সংখ্যাও বেড়ে গেছে অনেক। গতবার ছিল ১০০। এবার প্রায় দ্বিগুণ।বেড়েছে দলও। গতবার ৪২টি দল অংশ নিয়েছিল, এবার নিচ্ছে ৫৩টি। সেনাবাহিনী, বিকেএসপির মতো দল এসেছে। শুধুই আরচারি খেলে, এমন ক্লাবের সংখ্যাও বেড়েছে। কয়েকটি জেলা ক্রীড়া সংস্থাও আরচারিতে নিবন্ধন করেছে এই প্রথম। পুরুষ ও মহিলা দুই বিভাগেই খেলা হচ্ছে ১২টি ইভেন্টে।আরচারি ফেডারেশনকে ৫০ লাখ টাকার ওপরে বার্ষিক অনুদান দিয়ে আসছে উত্তরা ব্যাংক। এই জাতীয় প্রতিযোগিতার পৃষ্ঠপোষকও তারা। আরচারির প্রসারে তাই উত্তরা ব্যাংকের অবদানকে বড় করে দেখছে ফেডারেশন।কাল সংবাদ সম্মেলনে আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীবউদ্দিন আহমেদ বললেন, ‘উত্তরা ব্যাংকের সহযোগিতায় আমরা অনেক দূর এগিয়েছি। এবারের জাতীয় প্রতিযোগিতায় রেকর্ড সংখ্যক প্রতিযোগী এবং রেকর্ড সংখ্যক দল অংশ নেওয়ায় বাড়তি উৎসাহও পাচ্ছি আমরা।’ আরচারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মইনুল ইসলামের কথা, ‘আরচারির অনেক সম্ভাবনা আছে। আশা করছি, সঠিক পরিকল্পনার মাধ্যমে খেলাটাকে অনেক দূর নিয়ে যেতে পারব।’উত্তরা ব্যাংকের নির্বাহী মহাব্যবস্থাপক সেলিম নজরুল হকও ভবিষ্যতে আরচারিকে আরও সহযোগিতার আশ্বাস দিলেন। উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আবদুল মতিনও।পুরস্কার: আন্তর্জাতিক আরচারি ফেডারেশনের পুরস্কার পেয়েছে বাংলাদেশি আরচার নড়াইলের ১৬ বছরের তরুণ আবুল কাশেম (মামুন)। গত অক্টোবরে দিল্লি কমনওয়েথ গেমসে কম্পাউন্ড ইভেন্টে ৭২০ পয়েন্টের মধ্যে সে ৬৮১ স্কোর করে। আন্তর্জাতিক আরচারি প্রতিযোগিতায় ৭০০ বা এর ওপরে স্কোর করলে প্লাটিনাম পদক দেওয়া হয়, ৬৭৫ থেকে ৬৯৯ করলে সোনার পদক। এ বছর কারও প্লাটিনাম স্কোর নেই বলে জানা গেছে ফেডারেশন সূত্রে। কাশেমের সোনার পদক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে আন্তর্জাতিক আরচারি ফেডারেশন।