বিসিবির করিডরে সাবেক অধিনায়কদের আনাগোনা ইদানীং বাড়ছে। নির্বাচক কমিটির সদস্য, কোচ, ম্যাচ রেফারি কিংবা বোর্ড কর্মকর্তা—কোনো না কোনো ভূমিকায় বোর্ড অফিসে তাঁদের নিত্য যাতায়াত। যাঁরা একটু দূরে সরে আছেন, উপলক্ষ পেলে তাঁরাও আসছেন। কখনো প্রধান নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে, কখনো বা ডাকছেন স্বয়ং বোর্ড সভাপতি।কাল সভাপতি সকাশে সাবেক অধিনায়কদের সে রকমই একটি সম্মিলন ঘটল বিসিবির সভাকক্ষে। একসঙ্গে মধ্যাহ্নভোজ হলো, হলো ক্রিকেট-উন্নয়ন নিয়ে মতবিনিময়। প্রথম শ্রেণীর ক্রিকেটে গুরুত্বারোপ, বয়সভিত্তিক ক্রিকেটে আরও ভালোভাবে নজর দেওয়া, একাডেমি বা ‘এ’ দলকে স্বয়ংসম্পূর্ণ করা, মাঠ-অনুশীলনসুবিধা বাড়ানো—ক্রিকেট-উন্নয়নের নানা সূত্র হিসেবে উঠে এসেছে বহুচর্চিত বিষয়গুলোই। ক্রিকেটকে এগিয়ে নিতে যে এই কাজগুলোই আগে করা দরকার, সেটা গত এক যুগের আলোচনা হলেও বাস্তবে তেমন কিছু হয়নি। তবে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালের নতুন উদ্যোগে সাবেক অধিনায়কেরা আশাবাদী, দেরিতে হলেও একটা শুভ লক্ষণ দেখা যাচ্ছে।সাবেক সব অধিনায়কই আমন্ত্রিত ছিলেন। উপস্থিত ছিলেন রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন, মিনহাজুল আবেদীন, আকরাম খান, নাঈমুর রহমান, খালেদ মাহমুদ, খালেদ মাসুদ, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল এবং বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।বোর্ড সভাপতি মুস্তফা কামাল ব্যাখ্যা করেছেন সাবেক অধিনায়কদের সঙ্গে বসার উদ্দেশ্য, ‘বিশ্বকাপের ব্যস্ততায় অনেক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। আমরা প্রথম শ্রেণীর ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেট এবং স্কুল ক্রিকেটকে অর্থবহ করতে চাই। এসব ব্যাপারে সাবেকদের মতামত শুনেছি, তাঁদের বিভিন্ন দায়িত্বেও আনা হবে।’ক্রিকেট-উন্নয়নের মূল স্তম্ভ প্রথম শ্রেণীর ক্রিকেট যে বাংলাদেশে বরাবরই উপেক্ষিত, সেটা স্বীকার করে সভাপতি আরও একবার আশ্বাস দিয়েছেন, প্রথম শ্রেণীর ক্রিকেট আর উপেক্ষিত থাকবে না। ক্রিকেট-বর্ষপঞ্জিতে প্রথম শ্রেণীর ক্রিকেটকে দেওয়া হবে অগ্রাধিকার। এখন থেকে ক্রিকেটের জন্য উৎকৃষ্ট মৌসুমেই হবে দীর্ঘ পরিসরের ক্রিকেট।সাবেক অধিনায়কদের আলোচনায় তৃণমূল পর্যায়ের ক্রিকেট-উন্নয়নে উঠে এসেছে নতুন এবং অভিনব একটা ধারণাও। ‘প্রতিটি খেলার জন্য মাঠ নির্দিষ্ট করে দেওয়া হবে। যে মাঠে একদিনের ক্রিকেট হবে সেগুলো মূলত একদিনের ক্রিকেটের জন্যই থাকবে। যে মাঠে প্রথম শ্রেণীর ক্রিকেট হবে সেগুলো নির্দিষ্ট থাকবে প্রথম শ্রেণীর জন্য। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের জন্যও আলাদা মাঠ থাকবে’—বলেছেন বিসিবি সভাপতি। এসব মাঠে ভালোমানের উইকেট, খেলোয়াড়দের আবাসনব্যবস্থাসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রাখতে পরামর্শ দিয়েছেন সাবেকেরা। শুরুতে রাজশাহীতে করার পরিকল্পনা। আস্তে আস্তে সব বিভাগেই এটা হবে।কিন্তু সব সংস্করণ আর সব পর্যায়ের খেলার জন্য আলাদা মাঠের ধারণা কতটা বাস্তবসম্মত? এসব সুবিধা সব বিভাগে একই সঙ্গে দেওয়া না গেলে প্রথম শ্রেণীর ক্রিকেটই তো ভারসাম্য হারাবে! হোম অ্যান্ড অ্যাওয়ে ধারণা থেকেও কি তাহলে পুরোপুরি সরে আসছে প্রথম শ্রেণীর ক্রিকেট? সাবেক অধিনায়ক এবং বর্তমানে নির্বাচক হাবিবুল বাশার অবশ্য এই ধারণার পক্ষে, ‘কখনো না কখনো তো শুরু করতে হবে। আপাতত স্বয়ংসম্পূর্ণ দুটি মাঠে প্রথম শ্রেণীর ক্রিকেট হতে পারে। আস্তে আস্তে সব বিভাগেই এমন মাঠ হবে। সব বিভাগে ভালো মাঠ নেই, ভালো উইকেট নেই। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি ঠিক রাখতে তো খারাপ উইকেটে খেলা যায় না।’ একই কথা রকিবুল হাসানেরও, ‘জাতীয় দল যে সুযোগ-সুবিধার মধ্যে খেলে প্রথম শ্রেণীর ক্রিকেটেও সেটা আনতে হবে। প্রথম শ্রেণীর ক্রিকেটের জন্য একটা প্রথম শ্রেণীর কর্তৃপক্ষ থাকবে। তারাই এটা দেখাশোনা করবে। সব সুযোগ-সুবিধাসহ দু-একটি মাঠ থাকবে।’আগামী বছর থেকে টি-টোয়েন্টি এবং দীর্ঘ পরিসরের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হবে—বোর্ডের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন মুস্তফা কামাল, ‘আইপিএলের আদলে বিপিএল হবে। শুধু অর্থের জন্য না, ক্রিকেটের মান বাড়াতে আগামী মৌসুম থেকে ফ্র্যাঞ্চাইজ দিয়ে হবে দীর্ঘ পরিসরের ক্রিকেটও।’ মাঠ, উইকেটের সঙ্গে ক্রিকেট সরঞ্জামের মান নিয়েও প্রশ্ন উঠেছে। সমাধান হিসেবে খেলার সরঞ্জাম বিসিবিই সরাসরি বিদেশ থেকে আনতে পারে কি না, আলোচনায় এসেছে সেটাও।সভাপতি এখন থেকে নিয়মিতই সাবেকদের সঙ্গে বসার পক্ষে। সাবেকেরা তাতে খুশি। তবে শুধু সভা করলে তো হবে না। পরামর্শের বাস্তবায়নও দেখতে চান তাঁরা। আর চান বিসিবির সঙ্গে এই সম্পৃক্ততা যেন হয় সম্মানজনক। প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান আরেকটু খোলাসা করে দিলেন ব্যাপারটা, ‘বিসিবির গঠনতন্ত্রে খেলোয়াড়দের ঢোকার জায়গাটা সরু। সভাপতি আমাদের সম্পৃক্ত করার কথা বলছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই সুযোগ একটু কমই। খেলোয়াড়দের সম্পৃক্ততা বাড়াতে হলে এই দিকটাও দেখতে হবে।’