নতুন করে শুরু ইরফানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি ক্রিকেটে দীর্ঘদিন ব্রাত্য হয়ে ছিলেন মোহাম্মদ ইরফান। ২০১০ সালে মাত্র দুটি ওয়ানডে খেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল দীর্ঘদেহী এই পেসারের আন্তর্জাতিক ক্যারিয়ার। অবশেষে দুই বছর পর আবার পাকিস্তান দলে ডাক পেয়েছেন ইরফান। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বোলিং হয়তো এই ৩০ বছর বয়সী সাত ফুট উচ্চতার পেসারের আন্তর্জাতিক ক্রিকেটে নবজন্মই ঘটিয়েছে।এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের উচ্চতম খেলোয়াড় ইরফান। উচ্চতায় তিনি ছাড়িয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি জোয়েল গার্নারকেও। ৬.৮ ফুট লম্বা জোয়েল গার্নারের গতিময় বলগুলো কাঁপন ধরিয়ে দিত ব্যাটসম্যানদের মনে। কিন্তু মোহাম্মদ ইরফান উচ্চতায় ছাড়িয়ে গেছেন গার্নারকে। ৭.১ ফুট উচ্চতার ইরফানও এখন ব্যাটসম্যানদের জন্য ভীতিকর হয়ে উঠতে পারেন কি না, সেটাই দেখার বিষয়। আর সুযোগ পেলে হয়তো তেমনটা হয়েও উঠতে পারেন ইরফান। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিতে সেটা ভালোভাবেই প্রমাণ করেছেন তিনি।মঙ্গলবার বেঙ্গালুরুতে ইরফানের ডেলিভারিগুলো মোকাবিলা করতে বেশ ভালোই হিমশিম খেতে হয়েছে দুই ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ও আজিনকা রেহানেকে। শরীর লক্ষ্য করে ছোড়া কয়েকটি বল আঘাতও করেছে এই দুই ব্যাটসম্যানকে। দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে যুবরাজ সিংকেও নাস্তানাবুদ করেন তিনি। এ চার ওভার বল করে ২৫ রানের বিনিময়ে একটি উইকেট শিকার করেছিলেন ইরফান। টি-টোয়েন্টি ক্রিকেটের অভিষেক ম্যাচে তাঁর এই বোলিং খুব আহামরি না হলেও সমীহ জাগাতে ভালোই ভূমিকা রাখবে।পাঞ্জাবে জন্ম নেওয়া ইরফানের জীবনটা কেটেছে অনেক সংগ্রামের মধ্য দিয়ে। ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলার পাশাপাশি একটা পাইপের কারখানায় কাজ করতেন ইরফান। ক্লাব ক্রিকেটের একটি মৌসুমে ৪৩ উইকেট নিয়ে পাকিস্তানের সাবেক পেসার ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ আকিব জাভেদের নজর কেড়েছিলেন দীর্ঘদেহী এই পেসার। ২০১০ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হয় ইরফানের। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা অবশ্য ভালোভাবে করতে পারেননি তিনি। প্রথম ম্যাচে ৫.৩ ওভার বোলিং করে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই বামহাতি পেসার। এরপর ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে আর চূড়ান্ত দলে স্থান হয়নি তাঁর।আপাতত ভারত সফরেই নিজেকে প্রমাণ করে দিতে চান তিনি। ভারত সফরটাকে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের পুনর্জন্ম বলেই মনে করছেন তিনি। শুরুটা দেরি হয়ে গেলেও যতটুকু পেয়েছেন, তা দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা তাঁর। আর এজন্য ভারত সফরের চেয়ে ভালো মঞ্চ আর কিছুই হতে পারে না।