নতুন করে স্বপ্ন দেখছেন তোরেস

জাতীয় দলের জার্সি গায়ে শেষ ম্যাচটি খেলেছিলেন প্রায় এক বছর আগে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলেও সময়টা খুব একটা ভালো কাটেনি ফার্নান্দো তোরেসের। স্পেনের বিশ্বকাপ মিশনে জায়গা করে নিতে পারবেন, এমন আশাও হয়তো খুব বেশি ছিল না ৩০ বছর বয়সী এই স্ট্রাইকারের। কিন্তু দীর্ঘদিন পর কোচ ভিসেন্তে দেল বস্কের ডাক পেয়ে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন তোরেস। বিশ্বকাপ দলে না, বলিভিয়ার বিপক্ষে একটা প্রীতি ম্যাচে খেলার সুযোগ পাবেন এই স্প্যানিশ স্ট্রাইকার। এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়ে কোচের নজর কাড়তে পারলে ব্রাজিল যাওয়ার স্বপ্ন পূরণ হলেও হয়ে যেতে পারে।
তোরেসের বিশ্বকাপ সম্ভাবনাটা উজ্জ্বল হয়েছে ডিয়েগো কস্তার চোটের কারণে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অ্যাটলেটিকোর প্রথম একাদশে থাকলেও মাত্র নয় মিনিট পর মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই স্ট্রাইকারকে। এবারের মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে কস্তার যে পারফরম্যান্স ছিল, তাতে হয়তো তোরেসের আগে তাঁকেই দলের প্রধান স্ট্রাইকার হিসেবে বেছে নিতেন দেল বস্ক। কিন্তু কস্তা শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলার মতো ফিট হয়ে উঠতে পারবেন কি না, এ নিয়েই চলছে সংশয়। এ কারণেই হয়তো তোরেসকে বাজিয়ে দেখতে চাইছেন স্প্যানিশ কোচ। তোরেসও মুখিয়ে আছেন এই সুযোগটা কাজে লাগানোর জন্য। বলেছেন, ‘আমি এই সুযোগটা কাজে লাগাতে চাই। ম্যাচটা উপভোগ করতে চাই। বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়াটা এখনো নিশ্চিত হয়নি। কিন্তু এখানে আসতে পারাটা সত্যিই একটা বড় ধাপ।’
২০০৮ সালে ইউরো কাপের ফাইনালে স্পেনের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন তোরেস। এরপর ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো কাপ জয়ের পেছনেও বড় অবদান রেখেছিলেন এই স্প্যানিশ স্ট্রাইকার। গত বছরের কনফেডারেশনস কাপেও তোরেস জিতেছিলেন গোল্ডেন বুট। বড় আসরে জ্বলে ওঠার ক্ষমতা আছে বলেই হয়তো শেষ মুহূর্তে তোরেসের ওপরই ভরসা করছেন দেল বস্ক। এএফপি