নতুন কাউকে দলে আনবেন না ফার্গুসন
রাতারাতি পাল্টে গেছে স্যার অ্যালেক্স ফার্গুসনের মনোভাব। জার্মানির মিসুত ওজিলের দিকে এত দিন তাকিয়েছিলেন, বিশ্বকাপের অন্যতম সফল মিডফিল্ডার ওজিলকে দলে ভিড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যানইউ) শক্তি আরও বাড়ানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে গতকাল কমিউনিটি শিল্ডের ম্যাচে চেলসিকে হারানোর পর ম্যানইউর ম্যানেজার ফার্গুসন বলছেন, দলে নতুন কাউকে আনার প্রয়োজন নেই।২১ বছর বয়সী ওজিল জার্মান ক্লাব ভের্দার ব্রেমেনের হয়ে খেলেন। বিশ্বকাপে নজরকাড়া নৈপুণ্য দেখিয়ে রাতারাতি তারকা বনে গেছেন এই মিডফিল্ডার। বিশ্বের অনেক নামীদামি ক্লাব এখন ওজিলকে দলে আনার চেষ্টা করছে, এত দিন আগ্রহের কমতি ছিল না ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেরও। তবে চেলসির বিপক্ষে জয়ের পর ওজিলকে দলে আনার প্রশ্নে ফার্গুসন ফিফা ডটকমকে বলেন, ‘আমি মনে করি, আমাদের দলটি এখন অনেক বেশি শক্তিশালী। এর সঙ্গে নতুন কাউকে যোগ করার প্রয়োজন দেখছি না আমি।’ নিজে দলে না নিলেও অনেকেই ওজিলকে দলে আনার আগ্রহ দেখাবে জানিয়ে ফার্গুসন বলছেন, ‘আমার বিশ্বাস, অনেক ক্লাব ওজিলের ব্যাপারে আগ্রহী হবে।’