নতুন কিছুই করবেন মার্টিনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরার্ডো মার্টিনো
জেরার্ডো মার্টিনো

অকল্পনীয় এক উত্থানের আখ্যানই লিখলেন জেরার্ডো মার্টিনো। আর্জেন্টিনার ছোট্ট ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ থেকে চলে এলেন ইউরোপের অন্যতম শীর্ষ ক্লাব বার্সেলোনায়। আজ ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে গ্রহণ করলেন মেসি-ইনিয়েস্তা-নেইমারদের নতুন কোচের দায়িত্ব। তাঁর তত্ত্বাবধান ও কৌশলের ওপর ভর করেই এখন সাফল্যের সন্ধানে নামতে হবে কাতালানদের। কী পরিকল্পনা মার্টিনোর? কেমন হবে তাঁর বার্সেলোনা?

কাতালানদের প্রায় অপ্রতিরোধ্য একটা অবস্থানে নিয়ে গিয়েছিলেন পেপ গার্দিওলা। ২০০৮ থেকে ২০১২, চার বছরের মধ্যে বার্সেলোনা জিতেছিল তিনটি লিগ ও দুইটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। গত মৌসুমে টিটো ভিলানোভাও সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে লিগ শিরোপা জিতিয়েছেন ক্লাবকে। এবার এই সাফল্যযাত্রা অব্যাহত রাখার ভার বর্তেছে মার্টিনোর ওপর। প্রত্যাশার প্রতিদানটা দিতে পারবেন কি না, সেটা শিগগির জানার উপায় নেই। অপেক্ষা করতেই হবে। তবে বার্সেলোনা যেন আক্রমণাত্মক ও দৃষ্টিনন্দন ফুটবল খেলতে পারে, সেটা নিশ্চিত করবেন বলেই জানিয়েছেন মার্টিনো। বার্সেলোনার কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি বার্সেলোনাকে এমন একটা দল হিসেবে দেখতে চাই যারা খুবই সাবলীলভাবে আক্রমণাত্মক ফুটবল খেলতে পারবে।’

পুরোনো ঐতিহ্যের সঙ্গে নিজস্ব চিন্তাভাবনার মিশেল দিয়েই সাফল্য পেতে চান মার্টিনো। তাঁর ভাষায়, ‘খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে এমন একটা ধরন আমাকে খুঁজে বের করতে হবে। আর তার সঙ্গে আমার নিজের কিছু কৌশল যোগ করতে পারলেই দলটা আরও পরিপূর্ণ হয়ে উঠবে।’

নিজের কৌশলগুলো যে বেশ কার্যকর সেটা মার্টিনো বেশ ভালোভাবেই প্রমাণ করেছেন প্যারাগুয়ের কোচ হিসেবে। ২০১০ সালে তাঁর তত্ত্বাবধানেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল প্যারাগুয়ে। পরের বছর কোপা আমেরিকাতেও পেয়েছেন সাফল্য। সেবার গিয়েছিল ফাইনাল পর্যন্ত। এবার মেসি-নেইমার-জাভি-ইনিয়েস্তাদের মতো বিশ্বমানের ফুটবলারদের পেয়ে নিশ্চয়ই নিজেকে নতুনভাবেই প্রমাণের সুযোগ পাবেন মার্টিনো। সুযোগটা সফলভাবে কাজে লাগাতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়।— রয়টার্স