নতুন কোচ না আসা পর্যন্ত ইয়ুর্গেনসন
পরিবারের সম্মতির অপেক্ষায় আছেন রিচার্ড পাইবাস। তবে বিসিবি তত দিন অপেক্ষা না করে কাজ চালিয়ে যেতে চায়। ২০ মে শুরু হতে যাওয়া জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে তাই অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বোলিং কোচ শেন ইয়ুর্গেনসনকে। নতুন কোচ না আসা পর্যন্ত কাজ চালাবেন তিনি।কাল বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ক্যাম্পের জন্য ২৭ ক্রিকেটারের একটা তালিকাও করেছে। বিসিবি সূত্র জানিয়েছে, ক্যাম্পের শেষ পর্বটা হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। খুলনায় পাঁচ-ছয় দিনের অনুশীলন ক্যাম্পে নিজেদের মধ্যে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। এই অনুশীলন ক্যাম্প সম্ভাব্য কয়েকটি সিরিজ ও টুর্নামেন্ট সামনে রেখেই।এশিয়া কাপের পর থমকে ছিল বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচি। হঠাৎই পাল্টে গেছে পরিস্থিতি। জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের প্রস্তাবিত সফর দুটি চূড়ান্ত হয়ে গেলে সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগপর্যন্ত ব্যস্তই থাকবেন মুশফিক-সাকিবেরা। জিম্বাবুয়ের দেওয়া প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ১২ বা ১৩ জুন হারারের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেখানে ডাবল লিগ পদ্ধতিতে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ফাইনাল ২৪ জুন। এরপর দেশে ফিরে আয়ারল্যান্ডে যাবে ১৪ জুলাই। এক বা দুটি প্রস্তুতি ম্যাচ খেলে আয়ারল্যান্ড দলের বিপক্ষে ওয়ানডে খেলবে তিনটি। এরপর স্কটল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে আরও দুটি ওয়ানডে। এ ছাড়া ২৫ আগস্ট বিসিবি একাদশ নামে জাতীয় দলের ক্রিকেটাররাই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে যাবেন আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে। ক্রিকেট পরিচালনা কমিটির সভায় কাল এ তিন প্রস্তাবিত সফরের পরিকল্পনাই বোর্ড সভায় তোলার জন্য অনুমোদন করা হয়েছে।জিম্বাবুয়ে গেলে থাকা, খাওয়া ও অন্যান্য খরচ বাবদ সে দেশের ক্রিকেট বোর্ডকে ৫১ লাখ টাকা দেবে বিসিবি। সঙ্গে বহন করতে হবে বিমানভাড়াও। তবে আয়ারল্যান্ড ক্রিকেট শেষ পর্যন্ত আইসিসির অনুদান পাওয়ায় ওই সফরে বিসিবিকে বহন করতে হবে শুধু বিমান ভাড়াই।