নতুন কোচ ভিনসেন্ট বার্নস!
নাম শোনা যাচ্ছিল অনেকেরই। তবে বাংলাদেশ দলের নতুন কোচের নামটা শেষ পর্যন্ত হয়তো চমক হয়েই আসছে। কাল সেই চমকের সম্ভাবনা জাগালেন খোদ বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। জেমি সিডন্সের উত্তরসূরি হওয়ার দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে থাকা নামটি নাকি দক্ষিণ আফ্রিকার ভিনসেন্ট আলেকজান্ডার বার্নস!সাবেক ডানহাতি মিডিয়াম পেসার বার্নস আট বছর ধরে দক্ষিণ আফ্রিকা দলের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন। ৬ জুন ঘোষণা হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার পরবর্তী কোচের সম্ভাব্য তালিকায় নাম থাকলেও বার্নস নিশ্চিত হয়ে গেছেন তাঁকে নেওয়া হচ্ছে না—এমনটি জানিয়েছে বিসিবির একটি সূত্র। কোচ চেয়ে বিসিবির বিজ্ঞাপন দেখে প্রধান নির্বাহী বরাবর আবেদন করেন বার্নস।কাল রাতে বিসিবি সভাপতি টেলিফোনে প্রথম আলোকে বলেছেন, ‘এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ভিনসেন্ট বার্নসের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়ে গেছে। ৪ জুনের বোর্ড সভায় নতুন কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’ বার্নসের সম্ভাবনা বেশি, তবে মুস্তফা কামাল উড়িয়ে দেননি অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট লর সম্ভাবনাও। দিন কয়েক আগে বাংলাদেশ দলের পরবর্তী কোচ অস্ট্রেলিয়ান হবেন না বলে জানিয়ে দিয়েছিলেন, অথচ কাল বললেন এখনো ল-ই বিসিবির প্রথম পছন্দ, ‘আমরা স্টুয়ার্ট লর আশা এখনো ছাড়িনি। তিনি যদি শুধু বাংলাদেশ দলের হয়ে কাজ করতে রাজি হন এবং আইপিএল, বিগব্যাশ বা অন্য কোনো টুর্নামেন্টের জন্য তাঁকে ছেড়ে দেওয়ার শর্ত থেকে সরে আসেন, তাহলে তাঁকেই আমরা কোচ করব। আমাদের এমন একজন কোচ দরকার, যিনি পুরো সময়টাই বাংলাদেশ দলকে দেবেন।’স্টুয়ার্ট লর মতামত জানার জন্য ৪ জুনের বোর্ড সভার আগ পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। এর মধ্যে ল বিসিবির শর্ত মেনে আসতে রাজি না হলে কেপটাউনের বার্নসই হয়ে যাবেন নতুন কোচ। আর শেষ পর্যন্ত কোনো কারণে বার্নসও না হলে বিসিবির হাতে একমাত্র বিকল্প নাম থাকবে দক্ষিণ আফ্রিকার আরেক কোচ ডেভ নসওর্দি।১৭ বছরের কোচিং অভিজ্ঞতা বার্নসের। ২০০৩ সাল থেকে দক্ষিণ আফ্রিকা দলের সহকারী ও বোলিং কোচ। ১৯৯৫ সালে ওয়েস্টার্ন প্রভিন্স দলে ডানকান ফ্লেচারের সহকারী হিসেবে শুরু হয় তাঁর পেশাদার কোচিং ক্যারিয়ার। ১৯৯৯-০০ মৌসুমে ফ্লেচার ইংল্যান্ডের কোচ হয়ে দক্ষিণ আফ্রিকা ছাড়ার পর ওয়েস্টার্ন প্রভিন্সের কোচ হন বার্নস। ২০০২ সালের ১ সেপ্টেম্বর একই সঙ্গে দায়িত্ব পান দক্ষিণ আফ্রিকা ‘এ’, অনূর্ধ্ব-১৯ দল এবং দক্ষিণ আফ্রিকা একাডেমির।আন্তর্জাতিক ক্রিকেটে কখনো খেলা না হলেও দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণীর ক্রিকেটে সফল বোলার হিসেবে খেলেছেন ১৭ বছর। প্রথম শ্রেণীর ক্রিকেটে বার্নসের অভিষেক ১৯৭৮ সালে, অবসরে গেছেন ১৯৯৫ সালে। এই সময়ের মধ্যে খেলেছেন ওয়েস্টার্ন প্রভিন্স ও ট্রান্সভালের হয়ে। ৬৮টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ১১.৯৫ গড়ে উইকেট পেয়েছেন মোট ৩২৩টি। সেরা বোলিং ৪৬ রানে ৯ উইকেট। এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২৪ বার, ম্যাচে ১০ উইকেট ৬ বার। এ ছাড়া লোয়ার-অর্ডার ব্যাটসম্যান হিসেবে বার্নসের প্রথম শ্রেণীর রান ৪২৩, সর্বোচ্চ অপরাজিত ৪১।বার্নস মূলত বোলিং কোচ। তিনি প্রধান কোচ হলে একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচও খুঁজতে হবে বিসিবিকে। বিসিবি সভাপতি বলেছেন, হেড কোচ নিয়োগ হওয়ার পর তাঁর সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে ব্যাটিং কোচ। এ ব্যাপারে সাহায্য নেওয়া হবে একাডেমির অস্ট্রেলিয়ান কোচ রস টার্নারেরও, ‘টার্নার এখানে আসার পর অনেকেই বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। ব্যাটিং কোচ খোঁজার ব্যাপারে আমরা তাঁর সাহায্যও নিচ্ছি।’