নতুন কোচের খোঁজে পাকিস্তান
পাকিস্তান ক্রিকেট কোচের পদটা যেন মিউজিক্যাল চেয়ার খেলা! একজন যাচ্ছেন তো আরেকজন আসছেন। ওয়াকার ইউনুস দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। গত এক দশকে এই নিয়ে নবম কোচ দেখবে পাকিস্তান। প্রশ্ন এখন একটাই—ওয়াকারের পর কে?অনেকেরই নাম শোনা যাচ্ছে। সম্ভাব্য তালিকায় পাকিস্তানিদের পাশাপাশি বিদেশিদেরও নাম আছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর ছাড়াও শোনা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থার ও ইংল্যান্ডের সাবেক কোচ পিটার মুরসের নামও। স্থানীয় প্রার্থীদের মধ্যে সবচেয়ে এগিয়ে এই বছর বিশ্বকাপ পর্যন্ত ওয়াকারের সহযোগী হিসেবে কাজ করা আকিব জাভেদ। পাকিস্তানের অন্যরা হলেন জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ মুদাসসর নজর, সাবেক কোচ হারুন রশিদ। সাবেক অধিনায়ক ও কোচ জাভেদ মিয়াঁদাদের নামও হাওয়ায় ভাসছে।তবে দেশি না বিদেশি কোচ নিয়োগ দেওয়া হবে, এ নিয়ে পিসিবির খোদ কোচ নির্বাচক কমিটি দ্বিধান্বিত। সাবেক কোচ ইন্তিখাব আলমকে প্রধান করে গত সপ্তাহে গঠিত তিন সদস্যের এই কমিটিতে আছেন জহির আব্বাস ও নওশাদ আহমেদ। এই কমিটিতে না থেকেও সহযোগিতা করবেন সাবেক অধিনায়ক ও বর্তমানে টিভি ধারাভাষ্যকার রমিজ রাজা। পরিচয় প্রকাশ না করে কমিটির ঘনিষ্ঠ এক সূত্রের খবর, পিসিবি পাকিস্তানের কাউকে সহযোগী হিসেবে রেখে প্রধান কোচ হিসেবে কোনো বিদেশিকেই নিয়োগ দেওয়ার পক্ষপাতী। এ ক্ষেত্রে আর্থার, হোয়াটমোর, মুরসই বোর্ডের পছন্দের প্রার্থী। কিন্তু কমিটির সদস্য জহির আব্বাস স্থানীয় কোচ নিয়োগের পক্ষে। কমিটির প্রধান ইন্তিখাব আলম জানিয়েছেন, ‘আগামী সপ্তাহে কমিটির প্রথম বৈঠকেই একটা সিদ্ধান্তে আসব, দেশি না বিদেশি কোচ নিয়োগ দেব আমরা। তবে আমাদের লক্ষ্যটা হবে অভিজ্ঞ, যথাযথ দায়িত্ব পালনে সক্ষম এবং আমাদের ক্রিকেট-সংস্কৃতিতে স্বচ্ছন্দবোধ করে এমন কাউকেই কোচ হিসেবে নিয়োগ দেওয়া।’বিদেশি কোচদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে রমিজ রাজাকে। ২০০৪ সালে বব উলমারকে কোচ করার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল রমিজ রাজার। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগেই নতুন কোচের নাম চূড়ান্ত করবে পিসিবি। স্বাস্থ্যগত কারণে ওয়াকার পাকিস্তান ক্রিকেট দলের চলমান জিম্বাবুয়ে সফর শেষেই দায়িত্ব ছেড়ে দেবেন। এক দিক থেকে তিনি ব্যতিক্রমীই। কারণ পাকিস্তান ক্রিকেটে কোচ বদল হয় সাধারণত বরখাস্ত হওয়ার মাধ্যমেই। ওয়েবসাইট।