
বিসিবিতে কাল সকাল সকাল চলে এসেছিলেন শেন জার্গেনসেন। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসানের আসতে একটু দেরি হচ্ছিল। এ সুযোগে ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক সাব্বির খানের ও পরে ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানের কক্ষে কাটালেন দীর্ঘ সময়।
একই রকম দীর্ঘ হলো নাজমুল হাসানের সঙ্গে তাঁর সভা। প্রায় এক ঘণ্টার সভার পর সংবাদ সম্মেলনে এসে প্রথমে একটু চমকেই দিয়েছিলেন জার্গেনসেন। ‘খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে...’ কথাটা শুনে মনে হলো, সিদ্ধান্ত বদলে বুঝি বাংলাদেশ দলের কোচ থেকে যাচ্ছেন অস্ট্রেলিয়ান ভদ্রলোক! ভুল ভাঙিয়েছেন সঙ্গে সঙ্গেই। জার্গেনসেন শেষ পর্যন্ত চলেই যাচ্ছেন। এমনকি ভারত সফরেও বাংলাদেশ দলের দায়িত্বে থাকছেন না।
জার্গেনসেনের সঙ্গে বিসিবি সভাপতির আলোচনার পর বসেছে বিসিবির মুলতবি সভা, যেখানে মূল আলোচ্য ছিল টেলিভিশন স্বত্ব বিক্রি। তবে আলোচ্যসূচিতে না থেকেও কোচের প্রসঙ্গটি অবধারিতভাবে উঠে এল সভায়। এ নিয়ে অবশ্য আলোচনার তেমন কিছু ছিল না। বিসিবির চাকরি আর করবেন না, সে সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছিলেন জার্গেনসেন। বাকি ছিল শুধু একটা সিদ্ধান্তই—তাঁকে আগামী মাসের ভারত সিরিজ পর্যন্ত দায়িত্বে রাখা হবে নাকি ‘মুক্তি’ দিয়ে দেওয়া হবে এখনই।
পদত্যাগপত্রে বিসিবি চাইলে ভারত সিরিজ পর্যন্ত কাজ করার কথা বললেও কাল সভাপতির সঙ্গে আলোচনায় উল্টো সুর শুনিয়েছেন কোচ। বিসিবিরও তাই সিদ্ধান্ত নিতে সমস্যা হয়নি। বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে সভাপতি বলেছেন, ‘আলোচনায় সেও বলেছে, যদি ছেড়েই দেওয়া হয়, তাহলে এখনই ছেড়ে দেওয়া ভালো। আমারও তাই মনে হয়েছে। পরে বোর্ড সভায় অন্যদের সঙ্গে কথা বলে কোচকে এখনি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ভারত সিরিজের মাস খানেক আগে কোচবিহীন হয়ে গেল বাংলাদেশ দল! তবে এটাকে বড় কোনো সমস্যা মনে হচ্ছে না বিসিবি সভাপতির কাছে, ‘এখনই নতুন কাউকে না পেলে স্থানীয় কোনো কোচ দিয়ে ভারতের বিপক্ষে সিরিজটি চালিয়ে নেব। তবে জার্গেনসন পদত্যাগপত্র দেওয়ার পর থেকে আমরা কিন্তু বসে নেই। আশা করি, এর আগেই আমরা কোচ ও সাপোর্ট স্টাফ পেয়ে যাব।’ তবে একটি সূত্রের তথ্য, ভারত সিরিজের আগে নতুন কোচ পেতে তাড়াহুড়ো করবে না বিসিবি। মূল লক্ষ্য আগস্টের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নতুন কাউকে পাওয়া।
কোচ খুঁজতে কাল একটা কমিটিও করা হয়েছে। ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানের সঙ্গে তাতে আছেন সাবেক দুই অধিনায়ক-বোর্ড পরিচালক খালেদ মাহমুদ ও নাঈমুর রহমান, আছেন অন্য দুই পরিচালক মাহবুবুল আনাম ও জালাল ইউনুস। বোর্ড সভাপতির আশা, এ কমিটি এক-দেড় মাসের মধ্যে নতুন কোনো বিদেশি কোচের সন্ধান দেবে। কাল সম্ভাব্য প্রধান কোচ হিসেবে চার-পাঁচটি নাম নিয়েও আলোচনা হয়েছে। তার মধ্যে আছেন অস্ট্রেলিয়ার মাইকেল বেভান, শ্রীলঙ্কার চন্ডিকা হাতুরুসিংহ এবং জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার। স্থানীয় কোচদের ব্যাপারে অনেকের আগ্রহ থাকলেও সামনে যেহেতু ২০১৫ বিশ্বকাপ, এই মুহূর্তে বিদেশি কোচই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সভাপতি। সঙ্গে বলেছেন, ‘বর্তমান অবস্থায় স্থানীয় কোচদের মধ্যে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার মতো কেউ প্রস্তুত নেই। তবে ভবিষ্যতের কথা ভেবে বিদেশি কোচের সঙ্গে স্থানীয় কোচদের সম্পৃক্ত রাখার ব্যাপারটি আমরা মাথায় রাখব।’
জার্গেনসেনের কাছে মূলত তাঁর পদত্যাগের কারণটাই জানতে চান নাজমুল। যা পরে তিনি জানালেন, ‘আমি জানার চেষ্টা করেছি পদত্যাগপত্র দেওয়ার কারণ কী। বুঝলাম, অনেকগুলো ব্যাপার আছে। তবে সবচেয়ে বড় যে ব্যাপারটা তিনি বলেছেন, সেটি হলো ছয় বছর ধরে তিনি দেশের বাইরে আছেন। এখন অস্ট্রেলিয়ার কাছে-পিঠে যদি ভালো কোনো প্রস্তাব পান, সেটি তাঁর কাছে গুরুত্বপূর্ণ।’ এর আগে জার্গেনসেন অবশ্য সাংবাদিকদের বলে গেছেন, পরিবারের কাছাকাছি থাকাটা পদত্যাগের একটা কারণ হলেও গুরুত্বের দিক দিয়ে সেটি খুবই ছোট।
পদত্যাগপত্রে বোর্ড পরিচালকদের বিভিন্ন নেতিবাচক মন্তব্যকেই চাকরি ছাড়ার বড় কারণ হিসেবে দেখিয়েছেন জার্গেনসেন। বোর্ড সভাপতির দাবি, কাল একবারের জন্যও কোচ সে রকম কোনো কথা বলেননি। তবে জার্গেনসেন নাকি মাঠের বাইরের কিছু কারণও তুলে ধরেছেন বোর্ড সভাপতির সামনে। নাজমুল বলেছেন, ‘আমি উদাহরণ জানতে চেয়েছিলাম। তিনি বললেন, একবার তাঁর ছুটিতে থাকার সময় চার দিনের ম্যাচের একটা টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু সেটি বদলে আমরা টি-টোয়েন্টি ম্যাচ খেলালাম সিলেটে।’
সভায় দুই ম্যাচ রেফারি সামিউর রহমান ও ওবায়েদুল হকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০১৮-তে বিশ্বকাপ বাছাইপর্ব হবে বাংলাদেশে। অনুমোদন হয়েছে এ দুটি বিষয়ও।