নতুন কৌশলের খোঁজে কারস্টেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন দক্ষিণ আফ্রিকা নিয়েছিল ঝড়ে পড়া উটপাখির ভূমিকা। বালুর ঢিবিতে মুখ লুকিয়ে বলেছিল, ‘ঝড়! কোথায় ঝড়?’ কিন্তু এভাবে অস্তিত্ব অস্বীকার করে ঝড়ের হাত থেকে বাঁচা যায় না। তাই নতুন দাওয়াই নিয়ে এসেছেন গ্যারি কারস্টেন। ভারতের কোচ হিসেবে দুর্দান্ত সাফল্যের পর নিজ দেশের দায়িত্ব নেওয়া এই দক্ষিণ আফ্রিকান বলছেন, চোকিংয়ের সমস্যা তাদের আছে। এখন এটা ঠিক করার জন্য নিতে হবে প্রয়োজনীয় উদ্যোগ।এত দিন দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বারবার অস্বীকার করা হয়েছে, বলা হয়েছে তারা চোকার্স নয়। কিন্তু বড় টুর্নামেন্টে একটু চাপে পড়লেই যে ওরা ভেঙে পড়ে, তার সর্বশেষ উদাহরণ গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই তারা রেখেছে। ঢাকার সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ১০৮ রান তুলে ফেলেছিল। কিন্তু ৬৪ রানে শেষ ৮ উইকেট হারিয়ে কোয়ার্টার হেরে যায় তারা।নতুন কোচের অধীনে নতুন করে যাত্রা শুরুর প্রত্যয় এখন দক্ষিণ আফ্রিকার। কোচ গ্যারি কারস্টেন সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলিই বলেছেন, ‘এটা ঠিক করার জন্য নতুন ধরনের একটা কৌশল ঠিক করতে হবে। এটা কোনো সমস্যাই নয়, এর কোনো অস্তিত্ব নেই—এমন একটা ভান ধরে থাকা যায় না। এই সমস্যা আমাদের অনেক দিন ধরেই আছে। আমাদের তাই বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টি সামলাতে হবে।’ভারতকে পরমারাধ্য বিশ্বকাপ জেতানোর পর দেশে ফিরে দলের দায়িত্ব নেওয়া কারস্টেন বলছেন, দক্ষিণ আফ্রিকাকে এক নম্বর বানানোই এখন তাঁর মিশন, ‘আমরা সবাই বিশ্বাস করি, এক নম্বর দল হওয়ার জন্য আমরা যথেষ্ট ভালো দল। আমরা সেখানেই পৌঁছাতে চাই। সেখানে পৌঁছাতে চাইলে আমাদের ভালো ফল পেতে হবে, প্রতিটি সিরিজে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে হবে। বিশ্ব ক্রিকেটের এক নম্বর হওয়ার জন্য যে স্কিল আর দক্ষতা লাগে, সেটা যে আমাদের আছে এতে কোনো সন্দেহ নেই।’ শুধু নিজের বর্তমান দল নিয়ে নয়, কারস্টেন কথা বলেছেন তাঁর রেখে আসা ভারত নিয়েও। যে দলটাকে টেস্টের এক নম্বর বানিয়েছেন, জিতিয়েছেন বিশ্বকাপ; সেই ভারত কেমন নাকানিচুবানি খেয়ে এল ইংল্যান্ডে গিয়ে। কেন এই বিপর্যয়? ‘আমি নিশ্চিত করে বলতে পারব না। দলের সঙ্গে তো আর আমি ছিলাম না। তবে ইংল্যান্ড সিরিজটা নিয়ে ওদের ওপর অনেক প্রত্যাশা ছিল। তাই যেভাবে ওরা খেলেছে সেটা অবশ্যই হতাশার।’ ওয়েবসাইট।