নতুন চুক্তির পর রোনালদো-বন্দনা
নতুন চুক্তিতে আরও অর্থযোগ হয়েছে। প্রশংসাও জুটছে বেশি করে। ক্রিস্টিয়ানো রোনালদোর আবার যেন চলছে সুসময়।
রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করে রোনালদো হয়ে গেছেন বিশ্বের সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড়। নতুন চুক্তি অনুযায়ী রোনালদো বছরে বেতন পাবেন ১ কোটি ৫০ লাখ ইউরো। এর আগে নিজেকে ‘অসুখী’ দাবি করা রোনালদো এখন ‘সুখী’। পর্তুগিজ তারকার সঙ্গে চুক্তি নবায়ন করতে পেরে খুশি ফ্লোরেন্তিনো পেরেজও। রিয়াল সভাপতির মুখে রোনালদো-স্তুতি। রোনালদোকে শুধু ‘মাদ্রিদের কিংবদন্তি’ই বলেই থেমে থাকেননি, পেরেজ তাঁকে তুলনা করলেন সাবেক আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর সঙ্গে! হোর্হে মেন্দেস আবার মেসির সঙ্গে তুলনা করে প্রশংসা করেছেন রোনালদোর।
মেসি, না রোনালদো সেরা—ক্লিশে হয়ে যাওয়া এই বিতর্কটাকে নতুন করে তুলে এনে রোনালদোর এজেন্টের কথা রোনালদোই বেশি পরিপূর্ণ খেলোয়াড়। রোনালদোর এজেন্ট বাদ দেননি মেসির বর্তমান সতীর্থ নেইমারকেও। বলেছেন, মেসি-নেইমার দুজনের চেয়েই রোনালদো ভালো। নিজেদের দাবির পক্ষে যুক্তিও দিয়েছেন পেরেজ-মেন্ডেস। রিয়ালে গত চার মৌসুমে রোনালদো ২০৩ ম্যাচে করেছেন ২০৪ গোল! রিয়াল কিংবদন্তি ডি স্টেফানো ১৯৫৩ থেকে ১৯৬৪ পর্যন্ত ৩৯২ ম্যাচে করেছিলেন ৩০৫ গোল। পেরেজ ডি স্টেফানোর দৃষ্টান্ত টেনে বলেছেন, ‘যাঁরা ডি স্টেফানোর খেলা দেখেছেন এবং এখন রোনালদোকে দেখছেন, তাঁরা জানেন সেও এই বিখ্যাত পরম্পরার অংশ। ক্রিস্টিয়ানোর মতো খেলোয়াড়েরাই রিয়াল মাদ্রিদের ইতিহাসকে কিংবদন্তিতুল্য করে তুলেছে।’
ম্যাচপ্রতি গোল, এদিক থেকে রোনালদোর গত মৌসুমের পারফরম্যান্স বেশ বিস্ময়কর। লিগে ৩৪ ম্যাচে করেছেন ৩৪ গোল, কোপা ডেল রেতে ৭ ম্যাচে ৭ গোল, চ্যাম্পিয়নস লিগে ১২ ম্যাচে ১২ গোল, সুপারকাপের ২ ম্যাচে ২ গোল! মোট ৫৫ ম্যাচে ৫৫। ব্রাজিলিয়ান পত্রিকা ও’গ্লোবোর কাছে রোনালদোর গোল করার এই ক্ষমতাটাকেই মহিমান্বিত করে তুলে ধরেছেন মেন্দেস, ‘চার বছর ধরে যে খেলোয়াড়টি রিয়াল মাদ্রিদে ম্যাচপ্রতি একটি করে গোল করেছে, তাকে আপনার কৃতিত্ব দিতেই হবে। রোনালদো মেসির চেয়ে ভালো এবং বেশি পরিপূর্ণ
খেলোয়াড়। নেইমারের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সে গ্রেট ফুটবলার হলেও কোনোভাবেই রোনালদোর মতো ভালো নয়।’
তবে রোনালদো ছাড়াও হোসে মরিনহো, রাদামেল ফ্যালকাওসহ আরও অনেকেরই এজেন্ট মেন্দেসের চোখে মেসি-নেইমারের ক্লাব বার্সেলোনা সর্বকালের সেরা, ‘বার্সেলোনা সর্বকালের সেরা দল এবং স্পেন জাতীয় দলের ভিত্তি।’ ওয়েবসাইট।