নতুন চেহারা পাচ্ছে প্রথম শ্রেণীর ক্রিকেট
বাংলাদেশের ক্রিকেটের জন্য সুসংবাদ বয়ে নিয়ে এসেছে আজকের বোর্ড সভা। আগামী অক্টোবরেই মাঠে গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেট। এই প্রতিযোগিতা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে আজ মঙ্গলবার অনুষ্ঠিত বিসিবির সভায়। আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতাটি। প্রতিযোগিতার ফরম্যাটও ঠিক হয়েছে আজকের বোর্ড সভায়। ছয়টি বিভাগীয় ফ্র্যাঞ্চাইজি লিগ ভিত্তিতে একে অপরের সঙ্গে খেলার পর তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। অনুষ্ঠেয় এই প্রতিযোগিতাটির সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ব্যাপার হচ্ছে এর প্রতিটি খেলাই অনুষ্ঠিত হবে গোলাপি ক্রিকেট বলে। আইসিসির প্রস্তাবিত ডে-নাইট টেস্টম্যাচের সঙ্গে সঙ্গতি রেখে এই উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটের আলোয়।এই প্রতিযোগিতায় অবশ্য বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো অংশ নিচ্ছে না। নতুন কারো কাছেই বিক্রি হবে ফ্র্যাঞ্চাইজিগুলো। অচিরেই একে সামনে রেখে বিসিবি ফ্র্যাঞ্চাইজি বিক্রির প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে।