
ছেলেদের ফুটবলে ফেবারিট হয়েও পারেনি আর্জেন্টিনা। বিদায় নিয়েছে প্রথম পর্ব থেকেই। হকি খেলোয়াড়েরা আর্জেন্টাইনদের সেই দুঃখ কিছুটা হলেও ভুলিয়ে দিয়েছেন। প্রথমবারের মতো ছেলেদের অলিম্পিক হকিতে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। পরশু ফাইনালে বেলজিয়ামকে ৪-২ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে অলিম্পিকে সোনা জিতেছে তারা। শুনিয়ে দিয়েছে বিশ্ব হকির নতুন শক্তি হিসেবে তাদের আগমনী বার্তাও।
ছেলেদের অলিম্পিক হকি এবার নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে, এটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। ২০০৪ এথেন্সে সোনাজয়ী ও বর্তমানে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়ার দৌড় থেমেছে কোয়ার্টার ফাইনালে। র্যাঙ্কিংয়ের দ্বিতীয় হল্যান্ড এবং তৃতীয় জার্মানি সেমিফাইনালে হেরে যাওয়ায় লড়েছে ব্রোঞ্জের জন্য।
আর্জেন্টিনার মতো বেলজিয়ামের সামনেও ছিল প্রথম অলিম্পিক সোনার হাতছানি। কিন্তু প্রথমে গোল করে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ছন্দটা ধরে রাখতে পারেনি বেলজিয়াম। রুপা জয়টাও অবশ্য ছেলেদের অলিম্পিকের ইতিহাসে বেলজিয়ামের সর্বোচ্চ সাফল্য। এর আগে ১৯২০ সালে ঘরের মাঠে তৃতীয় হয়েছিল তারা।
ইতিহাস গড়ার পর আর্জেন্টাইনদের উদ্যাপনও ছিল দেখার মতো। পাবলো ইবারা-ইগনাসিও অরতিস ও গঞ্জালো পিলেতরা জার্সি খুলে হাওয়ায় ঘুরিয়েছেন, সেলফি তুলেছেন, দর্শকদের অভিবাদনের জবাব দিয়েছেন নেচে-গেয়ে। টুর্নামেন্টে সব মিলিয়ে ১১ গোল করা আর্জেন্টাইন ফরোয়ার্ড পিলাত তো খুশিতে কথাই বলতে পারছিলেন না, ‘মনে হচ্ছে, আমি হাত দিয়ে আকাশ ছুঁয়ে দিয়েছি। এটা আমার স্বপ্ন ছিল। যখন আমি হকি খেলা শুরু করেছিলাম, তখন থেকেই এই স্বপ্নটা দেখতাম। আজ সেটা সত্যি হলো।’
ছেলেদের হকিতে এটি আর্জেন্টিনার প্রথম অলিম্পিক পদক হলেও এদিক দিয়ে দেশটির মেয়েরা বেশ এগিয়ে। মেয়েদের হকিতে আর্জেন্টিনা রুপা জিতেছে দুবার, দুবার ব্রোঞ্জ। এবার ছেলেদের সাফল্যে আর্জেন্টিনার হকিতে নতুন জোয়ার আসবে বলে মনে করছেন সোনাজয়ী দলের খেলোয়াড় অগাস্টিন মাজি, ‘মেয়েরা যতটুকু করা যায়, সবই করেছে। ওরা চারটি পদক এনে দিয়েছে। আশা করছি আমাদের সাফল্যের পর ছেলেদের হকিতেও অনেকে উৎসাহিত হবে। আমরা আরও খেলোয়াড় পাব।’
একই দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হল্যান্ডের সঙ্গে নির্ধারিত সময়ে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে ব্রোঞ্জ পেয়েছে জার্মানি। এএফপি, রয়টার্স।