শেষ পয়েন্টটি নিয়েই উল্লাসে লাফিয়ে উঠলেন এনামুল হক। দৌড়ে চলে এলেন কোর্টের বাইরে অপেক্ষায় থাকা কোচ ও নিজের দ্বৈতের সঙ্গী দুলালের কাছে। জাতীয় ব্যাডমিন্টনের পুরুষ এককে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে আনন্দে আত্মহারাই ছিলেন সিলেটের তরুণ।ঢাকা উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল দারুণ উত্তেজনাপূর্ণ ফাইনালে এনামুল ২০-২২, ২১-১৭, ২১-১৬ পয়েন্টে হারিয়েছেন রেলওয়ের রইস উদ্দিনকে। সেই ২০০২ সালে জাতীয় প্রতিযোগিতায় প্রথম অংশ নিলেও চ্যাম্পিয়ন হতে তাঁকে অপেক্ষা করতে হলো ১১ বছর। প্রথম গেম হেরে বেশ সতর্ক হয়ে যান, পরের দুই গেম জেতেন দারুণ সব ব্যাকহ্যান্ড শট ও স্ম্যাশ দিয়ে। ম্যাচের মাঝখানে দু-দুবার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রইস। র্যাকেট ছুড়ে মেরে আম্পায়ারের হলুদ কার্ডও দেখেছেন।পুরুষ এককে জিতলেও দ্বৈতে হেরেছেন এনামুল। দুলালের সঙ্গে জুটি গড়া এনাম ২১-২৩, ২১-১৩, ২১-১৮ পয়েন্টে হেরেছেন রেলওয়ের আহসান হাবিব (পরশ) ও রইস উদ্দিনের কাছে। মহিলা এককে আগের দিন চ্যাম্পিয়ন হওয়া নারায়ণগঞ্জের শাপলা জিতলেন ত্রিমুকুট। দ্বৈতে শাপলা-নাবিলা জুটি ওয়াকওভার পেয়েছেন সীমা ও আঁখির বিপক্ষে। মিশ্র দ্বৈতে শাপলা ও জাবেদ জুটি হারিয়েছে নারায়ণগঞ্জের নাবিলা ও হান্নানকে। ২০০৯ ও ২০১১ সালেও ত্রিমুকুট জিতেছিলেন শাপলা।